২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে জটিলতা রহস্যজনক: জিল্লুর

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে জটিলতার অবসান না হওয়াকে 'রহস্যজনক' আখ্যায়িত করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বুধবার বলেছেন, "এজন্যই নির্বাচন নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে জটিলতার অবসান না হওয়াকে 'রহস্যজনক' আখ্যায়িত করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বুধবার বলেছেন, "এজন্যই নির্বাচন নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।" রাতে গুলশানে নিজের বাসায় বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের (একাংশ) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে জিল্লুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে জিল্লুর বলেন, "সরকারের সঙ্গে আগামীকাল (বৃহস্পতিবার) সংলাপে আমরা নেত্রীর (শেখ হাসিনা) মুক্তির বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। তাকে মুক্ত না করে আমরা নির্বাচনে যাব না। তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে। জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হতে পারে না।" শেখ হাসিনাকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না- এমন আশঙ্কার কারণ জানতে চাইলে জিল্লুর বলেন, "কোনো কিছু ফাইনাল না হলে আশঙ্কা তো থেকেই যায়।" আগামী মাসের প্রথম সপ্তাহে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভবনা রয়েছে বলে জানান তিনি। ভারপ্রাপ্ত সভাপতি বলেন, জরুরি অবস্থার বিধি-নিষেধ তুলে নিলেই আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু হবে। বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের সভাপতি মিছবাহুর রহমান জামায়াতের সমালোচনা করে সাংবাদিকদের বলেন, "তারা ফ্যাসিস্ট দল। তারা ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহর নাম ব্যবহার করেছে। এখন আবার ক্ষমতায় যেতে আল্লাহর নাম ফেলে দিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২২২৫ ঘ.