ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় ব্যক্ত করেছেন পেশাজীবীদের কয়েকজন।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার বিকেলে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত 'জাতীয় সংসদ নির্বাচন ২০০৮: শংকা এবং সম্ভাবনা' শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এ সংশয় প্রকাশ করা হয়।
বৈঠকে অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারাকাত বলেন, "জরুরি অবস্থায় ইলেকশন নয়, সিলেকশন হবে। একজন জিতলেও আরেকজনের নাম ঘোষণা করা হবে। নির্বাচন না হলে দেশে মার্শাল ল'র সম্ভাবনা রয়েছে।"
তিনি বলেন, "আমাদের এখন বড় আন্দোলনের মাধ্যমে সব অর্জন করতে হবে। কিন্তু, রাজনীতিবিদরা এখন ভয়ে কথা বলছেন না।"
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "দেশ যখন গোয়েন্দা সংস্থা দিয়ে পরিচালিত হয়, আর গোয়েন্দা সংস্থাগুলো যখন সিদ্ধান্ত নেয় তখন অনেক কিছু নিয়েই সংশয় থেকে যায়।"
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, "জনগণ নির্বাচন চায় এবং নির্বাচন হতেই হবে। এর কোনো বিকল্প নেই। নির্বাচনের বিকল্প কিছু হলে জাতীয় বিপর্যয় নেমে আসবে।"
রাজনৈতিক ব্যক্তিত্বরা সঠিক নেতৃত্ব দিতে পারলে দেশে অবশ্যই নির্বাচন হবে বলে মনে করেন মেনন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, "নির্বাচন নিয়ে সংশয় সরকারই সৃষ্টি করেছে। সরকার চারদলীয় জোটের আবদারের কাছে পিছু হটছে। ফখরুদ্দীন সাহেব ইয়াজউদ্দিনে রূপান্তরিত হচ্ছেন।"
পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যক্ষ কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন- অধ্যক্ষ আহাদ চৌধুরী, ডা. শারফুদ্দীন আহমেদ, অধ্যাপক সায়েদুল হক,অধ্যাপক আসাদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/এমএইচবি/২২২১ ঘ.
bdnews24