গাইবান্ধা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশে মঙ্গা পরিস্থিতি আর আগের মত নেই বলে মনে করেন বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
তিনি বলেন, "সরকারের ১০০ দিনের কর্মসৃজন প্রকল্প মঙ্গা এলাকায় বড় ধরনের পরিবর্তন এনেছে। মঙ্গার ভয়াবহতা আস্তে আস্তে কমে আসতে শুরু করেছে।"
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণায়তনে কৃষি বিষয়ক এক মতবিনিময় সভায় উপদেষ্টা হোসেন জিল্লুর এ কথা বলেন।
মঙ্গা মোকাবেলায় সরকার দীর্ঘ মেয়াদী কর্মসুচি হাতে নিয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার এ বছর কৃষি খাতে এবং কৃষকদের উন্নয়নে ব্যাপক অর্থ বরাদ্দ করেছে। খাদ্য উৎপাদনে যাতে আর পিছিয়ে পড়তে না হয় সেজন্য সরকার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব কর্মসূচির কারণে মঙ্গা এলাকার মানুষের মুখে হাসি ফুটেছে।"
উপদেষ্টা হোসেন জিল্লুর বলেন, "মানুষকে নতুন করে ভাবতে হবে। মঙ্গা মোকাবেলায় বিআর-৩৩ ধান চাষ বাড়াতে হবে।"
রাসায়নিক সারের উপর নির্ভরতা কমিয়ে জৈব সারের ব্যবহার, ফেলে রাখা জলাশয়ে মাছ চাষ এবং সময় উপযোগী প্রশিক্ষণ নিয়ে হাঁস-মুরগি-পশু পালনে তা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আবু মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- কৃষি উপদেষ্টা ড. সিএস করিম, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির প্রমুখ।
এছাড়া মতবিনিময় সভায় কৃষি কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে বাণিজ্য উপদেষ্টা সাহাপাড়া ইউনিয়নের তলশীঘাট এলাকায় খেজের মিয়া মেমোরিয়াল হাসপাতাল উদ্বোধন এবং ১০০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ ও শহররক্ষা বাঁধ পরিদর্শন করেন। পলাশবাড়ি উপজেলার দয়ারপাড়ায় ব্রি-৩৩ ধান কাটা অনুষ্ঠানেও যোগ দেন তিনি।
বিকেলে উপদেষ্টা জেলা পরিষদ মিলনায়তনে মঙ্গা বিষয়ক সভায় যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩০ ঘ.
bdnews24