ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে সাহদাব আকবরকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তাকে এক কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের বছরের সাজাও দেওয়া হয়েছে।
বিশেষ জজ আদালত- ৬ এর বিচারক তানজীনা ইসমাইল সোমবার এ রায় দেন।
সাহদাব আকবর পলাতক। তাকে আটক বা আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর করার নির্দেশ দিয়েছেন বিচারক।
জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার আবদুল্লাহ আমীন চলতি বছরের ৭ আগস্ট সাহদাব আকবরের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।
এর আগে দুর্নীতির দায়ে গত ২১ সেপ্টেম্বর সাহদাবকে ১২ বছরের কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত।
১২ বছরের কারাদণ্ডের মধ্যে অবৈধভাবে সম্পত্তি অর্জনের দায়ে ১০ বছর এবং সম্পত্তির তথ্য গোপন করায় দুই বছরের সাজা দেওয়া হয় তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএইচবি/১৮১৩ ঘ.
bdnews24