ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র, শ্রমিক ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত সহযোগী সংগঠন বাদ দিয়ে আওয়ামী লীগের জমা দেওয়া গঠনতন্ত্রে সংশোধন আনার জন্য দলটির কাছে চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) এ কে এম সলিমুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন।
'নিবন্ধনের আবেদনপত্র যাচাইবাছাই কমিটি'র সুপারিশ অনুযায়ী ইসি দলটির কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় বলে জানান তিনি।
খসড়া গঠনতন্ত্রের সংশোধনের বিষয়ে জানতে দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খানের নেতৃত্বে রোববার বিকেলে আওয়ামী লীগের ইসিতে আসার কথা।
এর আগে গত ১৫ অক্টোবর আওয়ামী লীগের পক্ষে আব্দুল মান্নান খান সংশোধিত গঠনতন্ত্রসহ দলের নিবন্ধনের জন্য ইসির কাছে আবেদন করেন।
রোববার দুপুর পর্যন্ত আওয়ামী লীগ সহ ৪২টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সোমবার আবেদন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/জিএনএ/১৪৫৩ ঘ.
bdnews24