ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থার মধ্যে কোনও নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে সফররত জাতিসংঘ প্রতিনিধি দলকে জানিয়েছে দলটি।
জাতীয় নির্বাচনের ঠিক দুই মাস আগে বিএনপি আবারও এ কথা জানালো। বিএনপি, আওয়ামী লীগসহ অধিকাংশ রাজনৈতিক দলের দাবির মধ্যেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার না করে শিথিল করার কথা বলা হচ্ছে।
জাতিসংঘের পাঁচ সদস্যের প্রতিনিধি দল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "জরুরি অবস্থার মধ্যে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এর মধ্যে সরকার নির্বাচন করতে চাইলে বিএনপি তাতে অংশ নেবে না।"
তিনি বলেন, "জাতিসংঘ প্রতিনিধি দল আমাদের কাছে বিষয়টি জানতে চেয়েছিল, আমরা তাদের আমাদের এ অবস্থানের কথা জানিয়েছি।"
তবে জাতিসংঘ আশা করছে ঘোষিত সময়ে সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে।
ঢাকায় জাতিসংঘের সমন্বয়ক এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রেনেটা লক দেজালিয়ন সাংবাদিকদের বলেন, "আমরা আশাবাদী, নির্ধারিত সময়েই সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। ওই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। নির্বাচনের পর জয়ী ও বিজিত- উভয় দলই দেশ গঠনে একসঙ্গে কাজ করবে।"
জাতিসংঘের দক্ষিণ এশিয়া এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক বিভাগের পাঁচ কর্মকর্তা বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। প্রতিনিধি দলটির নেতৃত্বে আছেন হিতোকি দেন। তারা শুক্রবার আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেন।
জাতিসংঘ মহাসচিব বানকি মুনের বাংলাদেশ সফরের আগে সংস্থার প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে এসেছে। নভেম্বরের শুরুর দিকে ওই সফর হতে পারে বলে জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন।
বৈঠকে মহাসচিব ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম শামসুল ইসলাম, সহসভাপতি এমকে আনোয়ার ও যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে খোন্দকার দেলোয়ার বলেন, "নির্বাচনকে সামনে রেখে কূটনীতিকদের এমন কোনও বক্তব্য দেওয়া উচিৎ নয়, যাতে নির্বাচনের পরিবেশ বিঘি
bdnews24