২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধনের শর্ত পূরণের বিষয় খতিয়ে দেখবে ইসির কমিটি

আওয়ামী লীগসহ নিবন্ধনের জন্য আবেদকারী রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে কিনা তা পর্যালোচনা করে দেখবে নির্বাচন কমিশনের (ইসি) 'নিবন্ধন আবেদন যাছাই কমিটি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগসহ নিবন্ধনের জন্য আবেদকারী রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে কিনা তা পর্যালোচনা করে দেখবে নির্বাচন কমিশনের (ইসি) 'নিবন্ধন আবেদন যাছাই কমিটি'। কমিটি আবেদনে অসঙ্গতি পেলে সংশ্লিষ্ট দলের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করবে। এরপর তারা প্রতিবেদন দেওয়ার পর নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার ইসি সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের বিধানের সঙ্গে আওয়ামী লীগের গঠনতন্ত্রের বিরোধ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ''আবেদন না দেখে আমরা কোনো মন্তব্য করব না। আদৌ কোনো অসঙ্গতি রয়েছে কিনা- তা আমরা নিশ্চিত নই।'' বৃহস্পতিবার পর্যন্ত আওয়ামী লীগসহ ২৯টি দল আবেদন করছে। তবে চারদলীয় জোটের শরিকরা এখনো আবেদন জমা দেয়নি। ছহুল হোসাইন জানান, নিবন্ধনের আবেদন যাছাই-বাছাইয়ের জন্য ইসির যুগ্মসচিব (আইন) এর নেতৃত্বে 'টেকনিক্যাল কমিটি' করা হয়েছে। এ কমিটি কোনো অসঙ্গতি পেলে সংশ্লিষ্ট দলের সঙ্গে যোগাযোগ করে তা সমাধানের চেষ্টা করবে। সরকারের সঙ্গে সমঝোতা ছাড়া নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না- বিএনপির এমন বক্তব্যের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ''ওনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা সময় বাড়িয়েছি। তাই ২০ তারিখের মধ্যে কমিশনে আবেদন এলেই চলবে। আমরা ৩০ তারিখের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করে ফেলব।'' এক প্রশ্নের জবাবে ছহুল হোসাইন জানান, ৫ নভেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনী কর্মকর্তার প্যানেল প্রস্তুত করার জন্য কমিশন মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। প্যানেল প্রস্তুতের পর প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ কোনো কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এলে তাকে প্রত্যাহার করা হবে। এদিকে, ঈদ ও পূজার শুভেচ্ছা জানিয়ে টাঙানো পোস্টার, ব্যানার ও তোরণ অপসারণের জন্য ইসির দেওয়া সময়সীমা গত বুধবার শেষ হয়েছে। এ বিষয়ে ছহুল হোসাইন জানান, কোথাও নির্বাচনী প্রচারণা নিয়ে আচরণবিধি লঙ্ঘিত হয় এমন পোস্টার বা তোরণ এখনো আছে কিনা- তা দেখতে বৃহস্পতিবার সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। রঙিন পোস্টার, ব্যানার থাকলে তারা সময় ও তারিখ নির্দেশক ক্যামেরায় ছবি তুলে রাখবে। কেউ অভিযুক্ত হলে মনোনয়নপত্র বাছাইয়ের সময় আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএইচবি/২২০০ ঘ.