ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি শেখ আবদুল আউয়ালের হাইকোর্ট বেঞ্চ বাবরের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে 'স্বাস্থ্যগত কারণে' তাকে এই জামিন দেন।
জামিনের আবেদনের ওপর শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "বাবর খুবই অস্্ুস্থ। তাই চিকিৎসার জন্য তার জামিন প্রয়োজন। স্বাস্থ্যগত কারণে জামিন মঞ্জুর করার ক্ষমতা আদালতের রয়েছে।"
ব্যারিস্টার হককে শুনানিতে সহায়তা করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
অবৈধ পিস্তল রাখার অভিযোগে গত বছরের ৩ জুন বাবরের বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র মামলাটি দায়ের করা হয়।
এ মামলায় গতবছর ৩০ অক্টোবর তাকে পৃথক দুটি ধারায় মোট ১৭ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত।
এই রায়ের বিরুদ্ধে বাবর গতবছর ২৭ নভেম্বর হাইকোর্টে আপিল দায়ের করেন।
লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জন ও ঘুষ নিয়ে হত্যা মামলার আসামীকে অব্যাহতি দেওয়াসহ অন্তত ৪টি মামলা হয়েছে। তাকে গত বছরের ২৮ মে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৭৪৬ঘ.
bdnews24