২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি নিয়োগে বৈঠকে বসেছে জুডিশিয়াল কমিশন

সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের জন্য দেশের ইতিহাসে বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো বৈঠকে বসেছে সুপ্রিম জুডিশিয়াল কমিশন। কমিশনে আলোচনা-পর্যালোচনা শেষে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 11:26 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের জন্য দেশের ইতিহাসে বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো বৈঠকে বসেছে সুপ্রিম জুডিশিয়াল কমিশন। কমিশনে আলোচনা-পর্যালোচনা শেষে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া হবে। প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের সভাপতিত্বে নয় সদস্যের কমিশন বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বৈঠক শুরু করে। দু'দফার বৈঠকের প্রথম দফায় হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং অন্যটিতে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ নিয়ে আলোচনা হবে। সুপ্রিম কোর্টে মামলা জট সৃষ্টি হওয়ায় বিচারপতি নিয়োগে এ উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে আপিল বিভাগে পাঁচ জন ও হাইকোর্ট বিভাগে ৬১ জন বিচারপতি রয়েছেন। বিচারপতি সংকটের কারণে আপিল বিভাগে গত পাঁচ মাসে একটি মাত্র বেঞ্চ কাজ করছে। অতীতে প্রধান বিচারপতির সুপারিশে প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট বিচারপতি নিয়োগ দিতেন। বর্তমান সরকার ক্ষমতায় এসে বিচারপতি নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠন করে। হাইকোর্টে বিচারপতি নিয়োগের জন্য যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন- ব্যারিস্টার কামাল উল আলম, ঢাকার মহানগর দায়রা জজ আজিজুল হক, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল হাসান ফয়েজ ছিদ্দিকী, ডেপুটি এটর্নি জেনারেল ড. নাঈমা হায়দার, মোহাম্মদ আলী আকন্দ, মুবিনা আসাফ, অ্যাডভোকেট দীন মোহাম্মদ রানা, ওবায়দুল হাসান শাহীন ও তমিজ উদ্দিন। অন্যদিকে, হাইকোর্টের সিনিয়র বিচারপতিদের মধ্য থেকে দু'জনকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হতে পারে। রেওয়াজ অনুযায়ী হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকেই আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। তবে অতীতে বেশ কয়েকবার এ রেওয়াজ লঙ্ঘন হয়েছে। বর্তমানে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি হচ্ছেন শাহ আবু নাঈম মোমিনুর রহমান। জ্যেষ্ঠতার দিক থেকে এরপর রয়েছেন বিচারপতি মো. আব্দুল কুদ্দুস, বিচারপতি মো. আব্দুল আজিজ, বিচারপতি বি কে দাস ও বিচারপতি এ বিএম খায়রুল হক। প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম জুডিশিয়াল কমিশনের অপর সদস্যরা হচ্ছেন আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ, আপিল বিভাগের তিন জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মো. ফজলুল করিম, বিচারপতি তাফাজ্জল ইসলাম, বিচারপতি জয়নুল আবেদীন, হাইকোর্টের দুই জ্যেষ্ঠ বিচারক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান, বিচারপতি মো. আব্দুল কুদ্দুস, এটর্নি জেনারেল সালাহউদ্দিন আহম্মেদ ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ। বৈঠকের বিষয়ে ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকের বলেন, অতীতে বিচারপতি নিয়োগ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এবার সুপ্রিম জুডিশিয়াল কমিশনের মাধ্যমে বিচারপতি নিয়োগের ফলে এ বিতর্কের অবসান হবে। তিনি বলেন, প্রধান বিচারপতিই নাম প্রস্তাব করবেন। আমরা এ নিয়ে আলোচনা করব। তবে কতজন বিচারপতি নিয়োগ দেয়া হবে তা জানি না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/১৪৫০ ঘ.