ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না আগামী দুই সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারকে তার জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ মামলাটি বাতিলের খালেদার আবেদনের ওপর শুনানি গ্রহণ করে এই আদেশ দেন।
আদেশের পর ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "বড় পুকুরিয়া মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে এবং মামলাটি কেন বাতিল হবে না তার কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "বড় পুকুরিয়া কয়লা খনি চুক্তিতে বেগম জিয়া ও তার পরিবার কোন সুবিধা নেননি বা কাউকে সুবিধা দেননি। এই মামলা চুড়ান্ত রিপোর্ট হয়ে গিয়েছিল। এতে বলা হয়েছিল মামলা দায়েরই ভুল ছিল।"
ব্যারিস্টার হক দুই নেত্রীর বৈঠকের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে বলেন, দেশের ৯০ ভাগ লোকই চায় দুই নেত্রী এক টেবিলে বৈঠকে বসুক।
দুদকের কৌঁসুলি আবদুল আজিজ খান সাংবাদিকদের বলেন, "আদালত খালেদা জিয়ার খনি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে। এ আদেশের ফলে তিন মাস নিম্ন আদালতের কার্যক্রম চলবে না। মামলা দায়েরের ক্ষেত্রে দুদক কোন ভুল করেনি। তবে মামলা স্থগিতের আদেশ দেওয়ার ক্ষমতা আদালতের রয়েছে।"
শুনানি ব্যারিস্টার রফিক উল হক বলেন, "গত ২৬ ফেব্র"য়ারি খালেদাসহ ১৬ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়। এরপর দুদক তদন্ত করে ১ জুন চুড়ান্ত রিপোর্ট দেয়। ওই রিপোর্টে বলা হয়, কয়লা খনি ইজারার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। ভুলক্রমে এ মামলা দায়ের করা হয়েছিল।"
ব্যারিস্টার হক বলেন, আসামীদের অব্যাহতি দিয়ে এই রিপোর্ট পেশের চার মাস পর তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে অভিযোগ পত্র দেওয়া হয়। দীর্ঘদিন পরে অভিযোগ পত্র দেওয়ার কোন ব্যাখ্যা নেই। দুদক আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এ মামলার তদন্তও শেষ করেনি।
তিনি শুনানিতে আরও বলেন, মামলা দায়ের, অভিযোগ পত্র দায়ের ও মামলা আমলে নেওয়ার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের অনুমোদন নেওয়ার বিধান থাকলেও তা পালন করা হয়নি। অভিযোগ পত্র দেওয়ার সময় একজন কমিশনারের যে অনুমোদন নেওয়া হয়েছে আইনের দৃষ্টিতে তা কোন অনুমোদনই নয়। এই অনুমোদন ম্যাকানিক্যাল।
এর জবাবে দুদকের কৌঁসুলি অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অ্যাডভোকেট এম এ আজিজ খান বলেন, দুদক আইন অনুযায়ী খালেদাসহ অন্যদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছে। যথাযথভাবে অনুমোদনও নেওয়া হয়েছে।
বিচারক বলেন, "আইনের কোন ধারা অনুযায়ী যথাযথ অনুমোদন নেওয়া হয়েছে?"
আজিজ খান বলেন, আইনে তিনবার অনুমোদন নেওয়ার কোন বিধান নেই। কেবল অভিযোগ পত্র দায়েরের সময় কমিশনের অনুমোদন নিলেই হয়।
আদালত দুদক আইনের কয়েকটি ধারার প্রতি আজিজ খানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিন পর্যায়ে কমিশনের অনুমোদন নেওয়ার আইনী বিধান রয়েছে। কিন্তু এ মামলার ক্ষেত্রে এ বিধান অনুসরণ করা হয়নি।
আজিজ খান বলেন, বারবার অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই।
আদালত আজিজ খানের প্রতি উষ্মা প্রকাশ করে বলেন, "আদালতকে কি আইন শেখাচ্ছেন?"
উভয় পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য শুনানি গ্রহণ করে আদালত আদেশ দেন।
গত ১৪ অক্টোবর বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক এবং বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ আবেদনটির ওপর শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছিলেন।
গত ১২ অক্টোবর খালেদা জিয়া বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন দায়ের করেছিলেন।
গত ৫ অক্টোবর এ মামলায় ১৬ জনকে আসামী করে দুদকের উপ পরিচালক আবুুল কাশেম ফকির ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
গত ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোঃ সামছুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৬০০ ঘ.
bdnews24