২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁও আ. লীগের ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

পুলিশ কর্মকর্তা আবুল বাশার হত্যার অভিযোগে সোনারগাঁও আওয়ামী লীগের ৪২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 05:55 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ কর্মকর্তা আবুল বাশার হত্যার অভিযোগে সোনারগাঁও আওয়ামী লীগের ৪২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযুক্ত আসমিদের কয়েকজন হচ্ছেন বাতিল হয়ে যাওয়া ২২ জানুয়ারির সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী কায়সার হাসনাত, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান কামাল, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মাসুম। প্রধান আসামি করা হয়েছে কায়সার হাসনাতকে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, নারায়ণগঞ্জের সিনিয়র বিচারিক হাকিম বজলুর রহমানের আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। সোনারগাঁও থানার উপ-পরিদর্শক মাজহারুল করীম অভিযোগপত্রের ভিত্তিতে জানান, ২০০৬ সালের ২ জুলাই আওয়ামী লীগসহ ১৪ দলের রাজপথ, রেলপথ, অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষের এক পর্যায়ে আসামিদের নিক্ষিপ্ত ইটের আঘাতে কর্তব্যরত উপ-পরিদর্শক আবুল বাশার মারা যান। ঘটনার পর সোনারগাঁও থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন ৯৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছিলেন। অভিযোগপত্রে অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিরউদ্দিন ভূঞা ও কোষাধ্যক্ষ আবদুর রশিদ মোল্লা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২৩৪৫ ঘ.