২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আ. লীগ নেতা জামানের দাফন সম্পন্ন, ছয়দিনের কর্মসূচি

দুস্কৃতকারীদের হাতে নিহত খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খান ইবনে জামানের দাফন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 01:48 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

খুলনা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুস্কৃতকারীদের হাতে নিহত খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খান ইবনে জামানের দাফন সম্পন্ন হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে আওয়ামী লীগ মঙ্গলবার থেকে ছয়দিনের কর্মসূচি ঘোষণা করেছে। জামানের ভাই মো. শাহাবুদ্দিন খান অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মঙ্গলবার খালিশপুর থানায় একটি মামলা করেছেন। সোমবার রাতে নগরীর খালিশপুর এলাকার হাউজিং এস্টেটের বাসায় খান ইবনে জামানকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ শয়নকক্ষ থেকে হাত-পা বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করে। তিনি অবিবাহিত ছিলেন এবং ওই বাসায় একাই থাকতেন। মো. শাহাবুদ্দিন খান জানান, মঙ্গলবার বাদ আছর তার ভাই খান ইবনে জামানকে নগরীর গোড়ালখালি কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জামানের মরদেহ খালিশপুর থেকে খুলনা জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে এনে রাখা হয়। সেখানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, মহানগর ও জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ অংগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদ হাদিস পার্কে বাদ জোহর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় সিটি মেয়র, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ওয়ার্কার্স পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খান ইবনে জামান হত্যার প্রতিবাদে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ ঢাকা ছয় দিনের কর্মসূচির প্রথমদিন দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাহবুবুল আলম সোহাগ জানান, ১৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া ১৫ অক্টোবর বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ, ১৬ অক্টোবর বিকেল ৪টায় খালিশপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ, ১৭ অক্টোবর মহানগর ও জেলা আওয়ামী লীগের শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিল, ১৮ অক্টোবর বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং ২০ অক্টোবর বিকেল ৪টায় খালিশপুরে দলীয় কার্যালয়ে শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিল হবে । খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাঈদুর রহমান জানান, জামান হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই মো. শাহাবুদ্দিন খান অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের কারণ বা এর সঙ্গে কারা জড়িত ছিল সে ব্যাপারে এখনও কিছু জানা সম্ভব হয়নি। আটক তিন কর্মচারি মকবুল, ফারুক ও তুফানীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব শিগগীরই হত্যাকাণ্ডের 'ক্ল'ু উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪২ ঘ.