ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলা বাতিলের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করা আবেদনের শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছে হাইকোর্টের একটি বেঞ্চ।
বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ মঙ্গলবার বিব্রতবোধ করে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয়।
খালেদার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়ার আবেদনটির ওপর শুনানি গ্রহণে হাইকোর্ট বিব্রতবোধ করেছে। আদালত আবেদনটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছে। প্রধান বিচারপতি যে বেঞ্চে আবেদনটি পাঠাবেন সেখানেই শুনানি হবে।"
আবেদনটি উপস্থাপনের শুরুতে আদালত বলেন, জরুরি ক্ষমতা বিধিমালার বিধান অনুযায়ী দুর্নীতির মামলায় জামিন ও মামলা বাতিলের আবেদন শুনানির এখতিয়ার হাইকোর্টের নেই বলে এ বেঞ্চের একজন বিচারপতি রায় দিয়েছিলেন। তবে দুইজন বিচারপতির দুইমত হলেও রুল দেওয়া যায়।
ব্যারিস্টার রফিক উল হক বলেন, সেক্ষেত্রে বিষয়টি হাইকোর্টের তৃতীয় কোনো বিচারপতির কাছে নিষ্পত্তির জন্য যাবে। এতে করে সময়ক্ষেপণ হবে।
এজন্য তিনি প্রধান বিচারপতির কাছে বিষয়টি পাঠিয়ে দেওয়ার আবেদন জানান।
এ পর্যায়ে আদালত শুনানি গ্রহণে বিব্রতবোধ করে নথিটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয়।
বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলা বাতিলের জন্য গত ১২ অক্টোবর হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।
এ মামলায় গত ৫ অক্টোবর ১৬ জনকে আসামি করে দুদকের উপ পরিচালক আবুুল কাশেম ফকির ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
গত ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া ও সাবেক কয়েক মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করেছিলেন দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/১৯০০ ঘ.
bdnews24