ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সঙ্গে সংলাপ শেষ হওয়ার পর মঙ্গলবার বিকালে জামায়াতে ইসলামীর সঙ্গে বসেছে সরকার। বিকাল তিনটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংলাপ শুরু হয়।
জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর মকবুল আহমেদ, সাবেক সাংসদ মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী, মাওলানা আবদুস সুবহান, সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, ব্যারিস্টার আবদুর রাজ্জাক, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার ও মহানগর আমীর রফিকুল ইসলাম খান।
তিনটার দিকে প্র্র্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, তিনটা ২৫ মিনিটে জামায়াতের সঙ্গে সংলাপ শুরু হয়েছে।
সংলাপে সরকারের পক্ষে আছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এবং পাঁচ উপদেষ্টা গোলাম কাদের, এ এফ এম হাসান আরিফ, ইফতেখার আহমেদ চৌধুরী, আনোয়ারুল ইকবাল ও হোসেন জিল্লুর রহমান।
এর আগে সকাল ১১টা ১৬ মিনিটে বিএনপির সঙ্গে সরকারের সংলাপ হয়। তা বেলার ২ টার পর শেষ হয়।
সংলাপ শুরুর আগে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এ কামারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, '' সুষ্ঠু অনুষ্ঠানের লক্ষ্যে জামায়াত জরুরি অবস্থা প্রত্যাহার, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, বেগম খালেদা জিয়া, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়গুলো উপস্থাপন করা হবে। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সব বাধা দুর করতে। ''
সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয় গত ২২ মে। ইতোমধ্যে আওয়ামী লীগসহ ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সংলাপ শেষ হয়েছে।
এর আগে চলতি বছরের শুরুতে সরকারের পাঁচ উপদেষ্টা বিভিন্ন দলের সঙ্গে প্রাক-সংলাপে বসেন। সংষ্কারপন্থী ও খালেদাপন্থী হিসেবে পরিচিত বিএনপির দুই অংশ এবং আওয়ামী লীগসহ ২৪টি রাজনৈতিক দল এই প্রাক -সংলাপে অংশ নেয়।
প্রাক-সংলাপের প্রতিবেদন চলতি মাসের প্রথম সপ্তাহে সুপারিশ আকারে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ইএইচবি/জিএনএ/১৫৩০ ঘ .
bdnews24