২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সঙ্গে সরকারের সংলাপ শুরু

বিএনপির সঙ্গে সরকারের বহু প্রতীক্ষিত সংলাপ মঙ্গলবার সকালে শুরু হয়েছে। সোয়া ১১টার দিকে প্র্র্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংলাপ শুরু হয় বলে জানিয়েছেন কার্যালয়টির সচিব কাজী মো. আমিনুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 05:24 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপির সঙ্গে সরকারের বহু প্রতীক্ষিত সংলাপ মঙ্গলবার সকালে শুরু হয়েছে। সোয়া ১১টার দিকে প্র্র্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংলাপ শুরু হয় বলে জানিয়েছেন কার্যালয়টির সচিব কাজী মো. আমিনুল ইসলাম। বিএনপির ১৩ সদস্যের প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সংলাপে সরকারের পক্ষে আছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এবং পাঁচ উপদেষ্টা গোলাম কাদের, এ এফ এম হাসান আরিফ, ইফতেখার আহমেদ চৌধুরী, আনোয়ারুল ইকবাল ও হোসেন জিল্লুর রহমান। একই স্থানে বিকেল তিনটায় জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের সংলাপ হওয়ার কথা রয়েছে। সংলাপ শুরুর আগে বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা সরকারের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছি। সেখানে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জরুরি অবস্থা প্রত্যাহার, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হবে। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করতে।'' খোন্দকার দেলোয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম শামসুল ইসলাম, খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, সহসভাপতি টি এইচ খান, সারোয়ারী রহমান, এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয় গত ২২ মে। ইতোমধ্যে আওয়ামী লীগসহ ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সংলাপ শেষ হয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে সরকারের পাঁচ উপদেষ্টা বিভিন্ন দলের সঙ্গে প্রাক-সংলাপে বসেন। সংষ্কারপন্থী ও খালেদাপন্থী হিসেবে পরিচিত বিএনপির দুই অংশ এবং আওয়ামী লীগসহ ২৪টি রাজনৈতিক দল এই প্রাক -সংলাপে অংশ নেয়। প্রাক-সংলাপের প্রতিবেদন চলতি মাসের প্রথম সপ্তাহে সুপারিশ আকারে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/এসকে/১১১৫ ঘ.