ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সঙ্গে সরকারের বহু প্রতীক্ষিত সংলাপে দলটির প্রতিনিধিদেে নেতৃত্ব দেবেন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। মঙ্গলবার সকাল ১১টায় শুরু হবে সংলাপ।
সংলাপে সরকারের পক্ষে থাকবেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এবং পাঁচ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের, এ এফ এম হাসান আরিফ, ড. ইফতেখার আহমেদ চৌধুরী, আনোয়ারুল ইকবাল ও ড. হোসেন জিল্লুুর রহমান।
দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''সরকারের সঙ্গে সংলাপে মহাসচিব নেতৃত্ব দেবেন। সন্ধ্যায় নেত্রীর সঙ্গে আলোচনা করে সব কিছু ঠিক হবে।''
তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা বিশেষ করে জরুরি আইন প্রত্যাহার প্রভৃতি বিষয়ে আমরা আলোচনা করব।"
এর আগে রোববার রাতে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় চার দলের মহাসচিবদের অনুষ্ঠিত বৈঠকে সংলাপে আলোচ্যসূচী নিয়ে আলোচনা হয়।
বিএনপি মহাসচিব বৈঠকের পর সাংবাদিকদের জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জরুরি অবস্থা প্রত্যাহার, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বাতিল, চার দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের কৃত মামলা প্রত্যাহার ও কারাগারে নেতাদের মুক্তির দাবি সরকারের কাছে উপস্থাপন করা হবে।
গত ২২ মে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়। ইতিমধ্যে আওয়ামী লীগসহ ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সংলাপ শেষ হয়েছে।
প্রাক-সংলাপ
বছরের শুরুতে গত ৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সরকারের পাঁচ উপদেষ্টা বিভিন্ন দলের সঙ্গে প্রাক-সংলাপ করেন। ২২ দিনে তারা বিএনপির দুই অংশ ও আওয়ামী লীগসহ ২৪টি রাজনৈতিক দল এবং তিনটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন।
রাজধানীর রেলভবনে প্রথম বৈঠকটি হয় আওয়ামী লীগের সঙ্গে। ২৮ এপ্রিল বিএনপির দেলোয়ারপন্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাক-সংলাপ শেষ হয়। এ মাসের প্রথম সপ্তাহে উপদেষ্টারা সুপারিশ আকারে প্রাক-সংলাপের প্রতিবেদন পেশ করেন উপদেষ্টা পরিষদে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৭১৫ ঘ.
bdnews24