ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সারাদেশে ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের (ইসি) কাছে হস্তান্তর করবে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্প।
রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা এ কথা জানান।
তিনি বলেন, ''সারাদেশে ছবিসহ ভোটার তালিকার চূড়ান্ত মুদ্রণের কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে তা সংশ্লিষ্ট এলাকাগুলোয় পৌঁছে গেছে। আনুষ্ঠানিকতা হিসেবে মঙ্গলবার তা ইসিকে হস্তান্তর করা হবে।''
ছবিসহ ভোটার তালিকার কাজ শেষ করাকে দেশের জন্য একটি ঐতিহাসিক অধ্যায় অভিহিত করেছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।
সোমবার দুই নির্বাচন কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্ভুল ছবিসহ ভোটার তালিকার কাজ শেষ হওয়ায় আগামী নির্বাচনে জাল বা ভুয়া ভোট দেওয়ার সুযোগ থাকবে না।
ছহুল হোসাইন বলেন, "ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ভোটার তালিকা চূড়ান্ত হওয়ায় নির্বাচনী তফসিল ঘোষণায় আর কোন বাধা নেই।"
এম সাখাওয়াত হোসেন বলেন, "নির্বাচন নিয়ে আর কোন সংশয় নেই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই ভোটার তালিকা মাইলফলক হয়ে থাকবে।"
বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্ত নিয়ে এ কার্যক্রমের জন্য মে '০৭ থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত ১৮ মাসের সময়সীমা ঘোষণা করে।
ছবিসহ ভোটার তালিকা প্রকল্প'র পর্যবেক্ষণ কর্মকর্তা জাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের ৪৯০টি ভোটার এলাকায় ইতোমধ্যে ৮ কোটি ৭ লাখ ২৮ হাজার ৩২৭ জন ভোটার নিবন্ধিত হয়েছে। চূড়ান্ত তালিকায় এ সংখ্যা আর সামান্য বাড়তে পারে।
এবারের ছবিসহ ভোটার তালিকার ভোটারের হার মোট ১৫ কোটি জনসংখ্যার প্রায় ৫৪ শতাংশ।
বাতিল হওয়া ২২ জানুয়ারির নির্বাচনে ভোটার তালিকায় দেশের ভোটার সংখ্যা ছিল ৯ কোটি ৩৩ লাখ। যা ১৫ কোটি জনসংখ্যার ৬২ শতাংশ।
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান জানান, সরকার ও দাতা সংস্থার অর্থায়নে ৫৪৭ কোটি টাকার ছবিসহ ভোটার তালিকা প্রকল্পে নির্বাচন কমিশন, বাংলাদেশ সেনা বাহিনীর দক্ষ জনবল ছাড়াও ৯৮ হাজার ৬৯৭ জন ডাটা এন্ট্রি অপারেটর, ৩ লাখ ৮ হাজার ৭৮৯ জন তথ্য সংগ্রহকারী, ৬১ হাজার ৫৯৪ জন সুপারভাইজার ও ৫৬৭২ সহকারি রেজিস্ট্রেশন অফিসার সম্পৃক্ত ছিল।
গত বছর ১১ জানুয়ারির পর প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুতে ১৮ মাসের সময় নেন। ১৫ জুলাই তারা ২০০৮ সালের নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে।
সর্বশেষ ২০ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে এক ভাষণে জানান, ইসির সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ডিসেম্বর সংসদ এবং ২৪ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএআর/জিএনএ/১৩০০ ঘ.
bdnews24