ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের কাছে জাতীয় পার্টি (জাপা) ৬০টি আসন চাইবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
রোববার রাজধানীর হোটেল সুন্দরবনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় তিনি একথা জানান।
সভায় দলের চেয়ারম্যানের একক ক্ষমতা খর্ব; চেয়ারম্যান ও মহাসচিব পদে এক ব্যক্তির দুই মেয়াদের বেশি না থাকা; ছাত্র ও পেশাজীবী সংগঠন না রাখাসহ বেশ কিছু সংশোধনী এনে গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত হয়।
জাপা চেয়ারম্যান বলেন, "আগামী সংসদ নির্বাচনে মহাজোটের কাছে আমরা ন্যূনতম ৬০টি আসন চাইব। বাকিটা আলোচনা করে সিদ্ধান্ত হবে।"
তিনি বলেন, "আমরা মহাজোটে ছিলাম। যেহেতু মহাজোট বিলুপ্ত হয়নি, তাই এখনও আমরা মহাজোটেই আছি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।"
জাতীয় পার্টির এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা রয়েছে দাবি করে এরশাদ বলেন, "কোনও জোট বা মহাজোটে না গেলেও আমরা রাস্তায় পড়ে থাকব না।"
২০০৭ সালের ২২ জানুয়ারি বাতিল হওয়া নির্বাচনে মহাজোট থেকে জাতীয় পার্টি ৬০টি আসনে মনোনয়ন পেয়েছিল বলে এরশাদ জানান।
জাপার রোববারের এ সভায় দলের চেয়ারম্যানের একক ক্ষমতা খর্ব; চেয়ারম্যান ও মহাসচিব পদে এক ব্যক্তির দুই মেয়াদের বেশি না থাকা; ছাত্র ও পেশাজীবী সংগঠন না রাখাসহ বেশ কিছু সংশোধনী এনে গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত হয়।
এরশাদ বলেন, "আমি নিজেই আমার ক্ষমতা খর্ব করেছি। এখন থেকে চেয়ারম্যান কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সভাপতিমণ্ডলীর সভায় আলোচনা করবেন। চেয়ারম্যান ও মহাসচিব পরপর দুই বারের বেশি পদে থাকতে পারবেন না। আর দলের কাউন্সিল হবে তিন বছর পর পর।"
আগামী নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়ে এরশাদ বলেন, "নিবার্চনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের প্রার্থীও বাছাই হয়ে গেছে।"
ক্ষমতায় গেলে জাতীয় পার্টি গরিব মানুষকে বিনা পয়সায় ভাত খাওয়াবে- এ ঘোষণা দিয়ে এরশাদ বলেন, "গত সরকার বিদেশে যে পরিমাণ টাকা পাচার করেছে, এ খাতে তার চেয়েও কম টাকা লাগবে।"
তিনি আরও জানান, জাপা ক্ষমতায় গেলে এক বা দুই সন্তানের পর যারা স্থায়ীভাবে বন্ধ্যাত্ব করাবেন সে সব মায়ের সন্তানদের সব খরচ সরকার বহন করবে। আর একটি মেয়ে সন্তান হলে তার উচ্চ শিক্ষার দায়িত্বও নেবে সরকার।
এরশাদ আরও বলেন, "ক্ষমতায় গেলে আমরা ১ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন করব। গ্যাস সংযোগ দেওয়া হবে দেশের সব এলাকায়।"
সভায় গঠনতন্ত্র সংশোধনী কমিটির প্রধান ও সভাপতিমণ্ডলীর সদস্য জিএম কাদের সংশোধনী প্রস্তাব তুলে ধরলে নির্বাহী কমিটির সদস্যরা হাত তুলে তা অনুমোদন করেন।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে গঠনতন্ত্র সংশোধন করেছে জাতীয় পার্টি।
জিএম কাদের বলেন, "সংশোধনী অনুযায়ী, জাতীয় পার্টির প্রধান (চেয়ারম্যান) ও মহাসচিব দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না। এখন থেকে চেয়ারম্যান কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সভাপতিমণ্ডলীর সভায় আলোচনা করে নেবেন।"
জাপার সংশোধনী গঠনতন্ত্র অনুযায়ী, তৃণমূল থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটি পর্যন্ত সব কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হবে। কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং জেলা কমিটির কাউন্সিল হবে তিন বছর পর পর। আর উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড কমিটির কাউন্সিল দুই বছর অন্তর হবে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী জাতীয় পার্টিতে ছাত্র ও পেশাজীবী সংগঠন থাকবে না জানিয়ে জিএম কাদের বলেন, "তবে নির্বাচন কমিশন এ বিষয়ে নমনীয় হলে পরে আবার তা রাখা হবে।"
সভায় আরও বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ, কাজী জাফর আহমেদ, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৪৩৬ ঘ.
bdnews24