২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থিতা বাতিলের ক্ষমতার যথেচ্ছ প্রয়োগ হবে না: সাখাওয়াত

নির্বাচনে যে কোনও প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের অধিকার থাকলেও এ ক্ষমতার 'যথেচ্ছ' প্রয়োগ হবে না বলে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 09:10 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে যে কোনও প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের অধিকার থাকলেও এ ক্ষমতার 'যথেচ্ছ' প্রয়োগ হবে না বলে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। রোববার জাতীয় ও উপজেলা নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দিয়ে বলেন, "প্রার্থিতা বাতিল করার ক্ষমতা একমাত্র নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ারে রয়েছে। তবে এ ক্ষমতার যথেচ্ছ ব্যবহার করা হবে না।" আওয়ামী লীগসহ বিভিন্ন দল ইসির প্রার্থিতা বাতিলের ক্ষমতার বিপক্ষে অবস্থান নিয়েছে। শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে নতুন গণপ্রতিনিধিত্ব আদেশের এ বিধানটি বাতিলের দাবি জানানো হয়। আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত ওই অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন। পক্ষপাতের কোনও অভিযোগ এলে শাস্তির ব্যবস্থা থাকছে বলে সরকারি কর্মকর্তাদের হুঁশিয়ারি করে দেন তারা। সাখাওয়াত হোসেন বলেন, "গত আগস্টে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ পাওয়ার পরও ইসি কারও প্রার্থিতা বাতিল করেনি।" তিনি বলেন, "কারও মনোনয়ন বাতিল করার ক্ষমতা কোনও রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নেই। নির্বাচন কমিশনারদের ঐকমত্যের ভিত্তিতে মনোনয়ন বাতিল করা যাবে। তবে এর আগে নির্বাচনী তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রার্থীকে শুনানির সুযোগ দেওয়া হবে।" গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের দাবির বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, "গণপ্রতিনিধিত্ব আদেশের ২য় দফা সংশোধনীর পর নির্বাচনের আগে আর কোনও ধরনের পরিবর্তন করা সম্ভব নয়।" আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত জানিয়ে সাখাওয়াত বলেন, "আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে ইসি পুরোপুরি প্রস্তুত। যদি কোনও কারণে যথা সময়ে নির্বাচন না হয়, সে জন্য যাদের কারণে নির্বাচন হবে না তারাই দায়ী থাকবেন।" "বল এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে", মন্তব্য করেন তিনি। সাখাওয়াত হোসেন সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "নির্বাচনে কোনও ধরণের পক্ষপাতমূলক আচরণ করা যাবে না। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে তাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে।" অপর নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, "অতীতে দায়িত্বশীল কর্মকর্তাদের অনেকের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এসেছিল। কিন্তু এখন সুন্দর অবস্থা বিরাজ করছে। আপনারা এখন কারও চাপে কাজ করবেন না। নির্বাচনী আইন মেনেই কাজ করে যাবেন। কোনও ধরনের পক্ষপাতিত্ব সহ্য করা হবে না।" তিনি বলেন, "এখন জাতির সামনে নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। সবাইকে এ নির্বাচন অনুষ্ঠানে ও নির্বাচনী আইন প্রয়োগে আন্তরিক হতে হবে।" নির্বাচনের দিনসহ এর আগে ও পরে নির্বাচনী আইন লঙ্ঘিত হচ্ছে কি না- সে দিকে এখন থেকেই লক্ষ্য রাখতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রতি তাগিদ দেন ছহুল হোসাইন। ইসি সচিব মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ইসির যুগ্ম সচিব এনআই খান, উপসচিব একেএম সলিমুল্লাহ, জেসমিন তুলিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসির যুগ্ম সচিব রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এ কর্মশালা চলবে। এতে ৪৮১ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৫২৫ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইউএনও-রা নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সরকারি চাকরিতে শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের জন্য সর্বোচ্চ শাস্তি চাকরিচ্যুতিসহ সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলে উল্লেখ করেন রফিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এমআই/এসকে/১৫০০ঘ.