২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মতবিনিময় হয়েছে: হোসেন জিল্লুর

খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠকের বিষয়ে অনেক লুকোছাপার পর অবশেষে মুখ খুলেছেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 08:03 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠকের বিষয়ে অনেক লুকোছাপার পর অবশেষে মুখ খুলেছেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। উপদেষ্টা বলেছেন, নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে যেসব পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তা নিয়ে বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার সঙ্গে সরকারের মতবিনিময় হয়েছে। (সংশোধনীসহ: মতবিরোধের স্থলে 'মতবিনিময়' হবে।) তিনি দাবি করেছেন, রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে 'কার্যকর যোগাযোগ রাখার ধারাবাহিকতায়' ওই বৈঠক হয়েছে। রোববার মহাখালীর ব্র্যাক সেন্টারে সিপিডির এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে হোসেন জিল্লুর বলেন, "মূলত নির্বাচনে অংশগ্রহণ ও আস্থার পরিবেশ নিয়ে সব ধরনের অনিশ্চয়তা দূর করার বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে।" তিনি বলেন, "নির্বাচনী ও রাজনৈতিক উত্তরণের জন্য যে সব পদক্ষেপ নেওয়া দরকার, তা নিয়ে খালেদা জিয়া ও আমাদের মধ্যে মতবিনিময় রয়েছে।" শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান শুক্রবার আকস্মিকভাবে সেনানিবাসের মইনুল সড়কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের খবর পেয়ে জড়ো হওয়া সাংবাদিকদের এড়াতে উপদেষ্টা বিকল্প পথে সেনানিবাস এলাকা ত্যাগ করেন। এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার রাতে হোসেন জিল্লুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার গণমাধ্যমকে ডেকে আমি বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাব।" শনিবার সকালে শিক্ষা উপদেষ্টার তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্রিফিং এর স্থান ও সময় পরে জানিয়ে দেওয়া হবে।" দুপুরে একই কর্মকর্তা জানান, 'ব্রিফিং' হবে না। বিকালে এ বিষয়ে জানতে চাইলে হোসেন জিল্লুর টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম এ বিষয়ে ব্রিফ করেছেন।" তবে সৈয়দ ফাহিম মুনয়েম এর আগেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি চেয়ারপারসনের সঙ্গে উপদেষ্টার বৈঠক সম্পর্কে ব্রিফিং নিয়ে কোনও কিছু আমার জানা নেই।" ঘোষিত সময়ে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দিয়ে হোসেন জিল্লুর রোববার সাংবাদিকদের বলেন, "এটি শুধু রাজনৈতিক আকাক্সক্ষাই নয়। অর্থনীতিকে বেগবান ও স্থানীয় সরকারকে শক্তিশালী করে দারিদ্র্য বিমোচনের জন্যও এটি প্রয়োজন।" "সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ীই সবকিছু হবে", বলেন তিনি। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার বিষয়টি নাকচ করে উপদেষ্টা বলেন, "আমাদের নিয়ত ঠিক আছে। রাজনৈতিক নেতৃত্বের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সরকারের আশার কারণ। যথা সময়ে নির্বাচনের বিষয়ে আমরা আশাবাদী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এফএফ/এমআই/এসকে/১৩৫৯ঘ.