ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দল নিবন্ধনের বিষয়ে অনড় অবস্থান থেকে সরে এসেছে বিএনপি।
বিএনপি নিবন্ধনের বিপক্ষে নয় জানিয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেছেন, সরকারের সঙ্গে ১৫ অক্টোবর সংলাপ অনুষ্ঠানের পরই নিবন্ধনের বিষয়ে চার দল সিন্ধান্ত নেবে।
শুক্রবার সকালে তিনি রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহাদ স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, "নিবন্ধন বিষয়ে চার দল বৈঠক করে সিদ্ধান্ত নেবে। সরকারের সঙ্গে সংলাপ অনুষ্ঠানের পরই তা হবে।"
দেলোয়ার এ জন্য নিবন্ধনের সময়সীমা কয়েকদিন দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করে বলেন, "নিবন্ধনের সময়সীমা কয়েকটি দিন পিছিয়ে দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। এতে নির্বাচনও বাধাগ্রস্ত হবে না। এটা পিছানো উচিৎ।"
আগামী ১৫ অক্টোবর নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য আবেদনের শেষ দিন ঠিক করেছে।
শুক্রবার সকাল ১০ টায় মহাসচিব দেলোয়ার ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান।
এ সময়ে নব্বইয়ের আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, রিজভী আহমেদ, খায়রুল কবীর খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সহ সভাপতি এবিএম মোশাররফ হোসেন, বর্তমান সভাপতি আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সহসভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, কৃষক দলের নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ জেহাদের ভাই-বোন ছাড়া জেহাদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার চামেলী মাহামুদ, খন্দকার গোলাম আজাদ প্রমুখ নেতারাও ছিলেন।
পরে ছাত্রদল, মহিলা দল, ডাকসু '৯০ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, "সরকারের সঙ্গে সংলাপে আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা করব। বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। এজন্য প্রতিবন্ধক হিসেবে জরুরি অবস্থাসহ বিভিন্ন বিষয় রয়েছে। প্রতিবন্ধকতা দুর করে পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের। এ বিষয়টি আমরা সরকারের কাছে তা তুলে ধরব।"
জামায়াতে ইসলামী নিবন্ধনের জন্য প্রস্তুত- এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে দেলোয়ার বলেন, "বিএনপি নিবন্ধনের বিপক্ষে নয়। আমরা নিবন্ধন করব না, এটা তো বলিনি। আমরা করব। তবে নির্বাচন কমিশনের সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) বিষয়ে আমাদের কিছু বক্তব্য রয়েছে। তা সরকারের সঙ্গে সংলাপে উপস্থাপন করা হবে।"
তিনি জানান, চার দল নিবন্ধন বিষয়ে ১৫ অক্টোবরের পরই বৈঠক করে সিদ্ধান্ত নেবে।
জেহাদ দিবস উপলক্ষে জেহাদ স্মৃতি পরিষদ শুক্রবার বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৩১১ ঘ.
bdnews24