ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় সাবেক বিএনপি সাংসদ ও শিল্পপতি এমএ হাশেমের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের উপ-পরিচালক মনজুর আহম্মদ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম গোলাম রব্বানীর আদালতে এটি দাখিল করেন। তবে মামলার অপর আসামি হাশেমের স্ত্রী সুলতানা হাশেমকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঞ্জুর আহম্মদ বাদি হয়ে গত বছরের ৫ ডিসেম্বর রমনা থানায় এ মামলা দায়ের করেন। তিনি নিজেই মামলার তদন্ত করেন।
মামলায় অভিযোগ করা হয়, কমিশনে দেওয়া সম্পত্তির বিবরণে নোয়াখালী-২ আসনের সাবেক সাংসদ হাশেম ৩ কোটি ২৪ লাখ ২২ হাজার ১৮৭ টাকার সম্পদের তথ্য গোপন করেন।
এদিকে তদন্তে প্রমাণ না পাওয়ায় ধানমন্ডি ও শ্যামপুর থানায় দায়ের হওয়া দুই মামলা থেকে সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনসহ আট জন এবং ঢাকার সাবেক সাংসদ সালাহউদ্দিন আহম্মেদ, তার স্ত্রী সামসুন নাহার ও ছেলে রবিনকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন।
ধানমন্ডি থানায় গত বছরের ৯ আগস্ট দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ড. মোশাররফ, তার স্ত্রী ও ঢাকার সাবেক জেলা প্রশাসক মো. আ. বারীসহ আট জন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কাকলি উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদপুর হাউজিংয়ের সাড়ে সাত কাঠা জমি পাতানো দরপত্রের মাধ্যমে কেনা-বেচা করে অন্যায়ভাবে লাভবান হয়েছেন।
সালাহউদ্দিনের পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ ত্রাণ আত্মসাতের। গত বছরের ২৫ জুন শ্যামপুর থানায় দায়ের করা এ মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার আশ্রয় নিয়ে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ না করে তা আত্মসাত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৫০ ঘ.
bdnews24