২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার রিটের শুনানিতে সহায়তার জন্য ৭ এমিকাস কিউরি

শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর চাঁদাবাজির মামলা জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের চূড়ান্ত শুনানিতে আদালতকে সহায়তা করতে সাত সিনিয়র আইনজীবীকে এমিকাস কিউরি (আদালতের বন্ধু বা সহায়তাকারী) নিয়োগ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 01:48 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর চাঁদাবাজির মামলা জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের চূড়ান্ত শুনানিতে আদালতকে সহায়তা করতে সাত সিনিয়র আইনজীবীকে এমিকাস কিউরি (আদালতের বন্ধু বা সহায়তাকারী) নিয়োগ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চ সোমবার তাদের নিয়োগ দেন। নিয়োগ পাওয়া এমিকাস কিউরিরা হলেন, বিচারপতি টিএইচ খান ও মনসুরুল হক চৌধুরী, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, অ্যাডভোকেট আবদুর রব চৌধুরী ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান। সোমবার সরকার পক্ষে রিটের শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব। তিনি জরুরি ক্ষমতা আইনের বিভিন্ন বিধান আদালতে উপস্থাপন করে বক্তব্য দেন। রিটের নিষ্পত্তির জন্য এমিকাস কিউরি নিয়োগের বিষয়ে শেখ হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, এমিকাস কিউরিরা আদালতকে সহায়তা করবেন। জরুরি অবস্থা জারির আগের ঘটনার মামলা জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা যায় কিনা- সে বিষয়ে তারা ব্যাখ্যা দেবেন। আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন। প্রায় একমাস পর ১৬ জুলাই হাসিনাকে আটকের দিন মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার রিটের পরিপ্রেক্ষিতে ৩০ জুলাই হাইকোর্ট বিষয়টির বৈধতা সম্পর্কে সরকারের কাছে জানতে চায়। গত ২৪ জুলাই শেখ হাসিনা ও শেখ সেলিমের সঙ্গে হাসিনার বোন শেখ রেহানাকেও এ মামলায় আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। শেখ হাসিনা এ মামলাটি বাতিলের জন্য ২৭ জানুয়ারি হাইকোর্টে আবেদন করেছেন। আবেদনের ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/১৯৩৭ ঘ.