ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী আজম জে চৌধুরীর করা চাঁদাবাজির মামলা বাতিলের জন্য রোববার হাইকোর্টে আবেদন করেছেন শেখ হাসিনা।
বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আবদুল হাইয়ের বেঞ্চে আবেদনটি করা হয়। আগামী সপ্তাহে এর ওপর শুনানি হতে পারে। (আরও তথ্যসহ)
শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ আবেদন জানানোর পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজম জে চৌধুরীর চাঁদাবাজির মামলার এজাহার, অভিযোগপত্র ও অন্যান্য দলিলপত্রের কোথাও শেখ হাসিনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। গত ২৪ জানুয়ারি আজম জে চৌধুরী স্বতঃস্ফূর্তভাবে সংবাদমাধ্যমে বলেছেন, তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলা করেননি।"
চলতি সপ্তাহে আবেদনটির ওপর শুনানি হবে না জানিয়ে ব্যারিস্টার শফিক বলেন, আগামী সপ্তাহে শুনানি অনুষ্ঠিত হবে।
আবেদনে বলা হয়েছে, 'মামলার এজাহার, অভিযোগপত্রসহ কোনো দলিলপত্রে শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অভিযোগ না থাকলেও তাকে বিদ্বেষপ্রসূতভাবে হয়রানির উদ্দেশ্যে এ মামলায় জড়ানো হয়েছে।'
এতে আরও বলা হয়, মামলার বাদী আজম জে চৌধুরীর সঙ্গে শেখ হাসিনার কোনো যোগাযোগ হয়নি। কথিত ঘটনার সাত বছর পর এ মামলা করা হয়েছে। এছাড়া জরুরি অবস্থা জারির আগে করা মামলাটি বেআইনিভাবে জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলা বাতিলের পাশাপাশি এর বিচার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়েও আবেদন করেছেন শেখ হাসিনা।
গতবছর ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ সেলিমকে প্রধান আসামি ও শেখ হাসিনাকে সহযোগী করে গুলশান থানায় মামলা করেন। মামলার অভিযোগপত্রে পরে শেখ রেহানাকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার বিচার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। আপিল বিভাগ গত ২৪ জানুয়ারি হাইকোর্টের আদেশ স্থগিত করে। এরপর নিু আদালতে বিচার কার্যক্রম চলার বাধা দূর হয়। মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা নিয়ে হাসিনার রিটের চূড়ান্ত শুনানিও হাইকোর্টে চলছে।
শেখ হাসিনাকে গত বছরের ১৬ জুলাই আটক করে যৌথবাহিনী। ওইদিনই আজম চৌধুরীর মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে হাসিনাকে তাতে গ্রেপ্তার দেখানো হয়।
গত ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২১৫০ ঘ.
bdnews24