ঢাকা, জানুয়ারি ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম)--রিমান্ডে নিয়ে তারেক রহমানকে নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তিনি বলেন, ''এভাবে পুলিশি হেফাজতে নির্যাতন করা আইনের বিধানে নেই। আইনবহির্ভূতভাবে অসৎ উদ্দেশ্যে এ নির্যাতন করা হয়েছে। এটা সরকারকে বন্ধ করতে হবে।''
বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে সংবাদ ব্রিফিংএ তিনি এই দাবি জানান।
বুধবার একটি মামলায় রিমান্ডের জন্য মহানগর মুখ্য হাকিম আদালতে তারেক রহমানকে আনা হলে তিনি হাকিম এহসানুল হকের সামনে রিমান্ডে নির্যাতনের কথা বর্ণনা করে জীবনের নিরাপত্তা প্রার্থনা করেন।
খোন্দকার দেলোয়ার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেকের ওপর পুলিশি নির্যাতনের সমালোচনা করে বলেন, ''তথ্য সংগ্রহের জন্য রিমান্ডের নাম করে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনা নিন্দনীয়। এটা কোনো ভাবে আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।"
তিনি বলেন, ''তারেক রহমান কারাগারে ডিভিশনপ্রাপ্ত ব্যক্তি, রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছেলে। তিনি, এমনকি যেকোনো সাধারণ কয়েদি অথবা অভিযুক্তের ওপর এরকম নির্যাতন মেনে নেওয়া যায় না। ''
এক প্রশ্নের জবাবে খোন্দকার দেলোয়ার বলেন, ''জরুরী বিধি বিধানের ব্যবস্থায় বিচার বিভাগের ক্ষমতা খর্ব করা হয়েছে।" অবিলম্বে জরুরী আইন প্রত্যাহার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব ও হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের সফররত মহাসচিব আইরিন খানের সঙ্গে সকালে ব্র্যাক সেন্টারে দেখা করেন। তারা রিমান্ডে তারেক রহমানের ওপর নির্যাতনের বিষয়টি তাকে জানান।
দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সোহরাব উদ্দিন ও শিরিন সুলতানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমএ/১৭২১ঘ.
bdnews24