২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী-মুজাহিদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা হত্যা মামলা নিয়েছে পুলিশ

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৯ জনের বিরুদ্ধে কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা সংক্রান্ত মামলা সোমবার গ্রহণ করেছে কেরানীগঞ্জ থানা। কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক নূরজাহান বেগম মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "সোমবারই আমরা মামলাটি গ্রহণ করেছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মল্লিক মো. রুহুল ইসলাম এর তদন্ত করবেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 01:07 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৯ জনের বিরুদ্ধে কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা সংক্রান্ত মামলা সোমবার গ্রহণ করেছে কেরানীগঞ্জ থানা। কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক নূরজাহান বেগম মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "সোমবারই আমরা মামলাটি গ্রহণ করেছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মল্লিক মো. রুহুল ইসলাম এর তদন্ত করবেন।" ঢাকা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মোজাফফর আহমেদ খান গত ১৭ ডিসেম্বর ঢাকা জেলার বিচার বিভাগীয় হাকিম আশিকুল খবিরের আদালতে মামলাটি করেন। বিচারক সেটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে থানাকে নির্দেশ দেওয়ার ১৪ দিনের মাথায় পুলিশ তা গ্রহণ করল। এ মামলায় বাদীর আইনজীবী আবু মুহাম্মদ আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলাটি নথিভুক্ত হওয়ার কথা জানান। তিনি বলেন, "আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে থানা কর্তৃপক্ষ মামলা নথিভুক্ত করেছে। আশা করি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।" মোজাফফর আহমেদের মামলায় নিজামী ও মুজাহিদের বিরুদ্ধে কেরানীগঞ্জের ভাওয়াল খান বাড়িতে মুক্তিযোদ্ধা ওসমান গণি ও গোলাম মোস্তফাকে হত্যার অভিযোগ আনা হয়। ওই হত্যাকাণ্ডে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামারুজ্জামান, হাজী নাজিমুদ্দিন, আবুল হাশেম, ফয়জুর রহমান ফয়েজ, কে জি করিম বাবলা, মো. ইয়াছিন, ডা. জয়নাল, আব্দুল খালেক, আব্দুল মান্নান সিদ্দিকী ও পুইন্যা আলবদরও জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। তবে তাদের মধ্যে শেষের চারজন মারা যাওয়ায় মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। মোজাফফর আহমেদ অভিযোগে করেন, স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে ১৯৭১ সালের ২৫ নভেম্বর ভোররাতে বাদীর ভাগ্নে গোলাম মোস্তফা ও তার সহযোদ্ধা ওসমান গনি মায়ের সঙ্গে দেখা করতে ভাওয়াল খান বাড়ি ও ঘাটারচর গ্রামে যান। বিষয়টি জানতে পেরে মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানের নির্দেশে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর ৬০/৭০ জন সদস্য বাড়ি দুটি ঘেরাও করে ফেলে। তারা ওসমান ও মোস্তফাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়। ওই সময় হানাদার বাহিনী ও তাদের দোসররা ভাওয়াল খান বাড়ি ও চর ঘাটা গ্রামের কয়েক হাজার নিরীহ গ্রামবাসীকেও হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়। এর আগে কেরানীগঞ্জের আরেক মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান গত ৫ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মুজাহিদ, কাদের মোল্লা ও শাহ আবদুল হান্নানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলার আবেদন করেন। আদালত সে অভিযোগ পুলিশের কাছে পাঠালেও সরকারি অনুমোদন না থাকার কারণ দেখিয়ে তেজগাঁও থানা পুলিশ মামলাটি নেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এমএআর/এসএনডি/এমএইচবি/২০৫৬ ঘ.