ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপির আদর্শ বিসর্জন দিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন ও সমঝোতা করা হবেনা বলে জানিয়েছেন দলটির সংস্কারপন্থী অংশের নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান।
তিনি বলেন, "দলের আদর্শের বাইরে কারো সঙ্গে কোনো ঐক্য হবে না। তবে জাতীয়তাবাদী আদর্শে ঐক্য হতে পারে।''
শনিবার দুপুরে গুলশানে দলের সংস্কারপন্থী অংশের প্রধান আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাতের পর জেড এ খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ঐক্যবদ্ধ আন্দোলনের বিষয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও বিএনপির খালেদা পন্থী অংশের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের দেয়া বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দ্বিমত পোষণ করে বলেন, ''জাতীয়তাবাদী আর্দশের ভিত্তিতে যেকোনো বিষয়ে ঐকমত্য হতে পারে। আমরা আমাদের আদর্শ বিসর্জন দিয়ে কিছু করব না। ঐক্যবদ্ধ আন্দোলনের বিষয়ে আমরা আপাতত কোনো চিন্তাভাবনা করছি না। আন্দোলন করার সময় এখনো আসেনি। ''
গত শুক্রবার জিল্লুর রহমান- 'মত ও আর্দশের মিল থাকলে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন হতে পারে' বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেছিলেন। এর জবাবে খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার সাংবাদিকদের কাছে ইতিবাচক সাড়া দিয়ে বলেছেন,''মত ও আর্দশের মিল না থাকলেও জনগণের বৃহত্তর স্বার্থে ইস্যুভিত্তিক ঐক্যবদ্ধ ও যুগপৎ আন্দোলন আওয়ামী লীগের সঙ্গে হতে পারে।''
জেড এ খান বলেন, বিএনপির মূলধারার প্রতিনিধিত্ব আমরাই করছি। বিএনপি এক ও অভিন্ন। শহীদ জিয়ার দল হিসেবে আমরা বিএনপি করি। এর বাইরে বিএনপির আর্দশ থেকে যারা বিচ্যুত হয়ে গেছেন, তারা নিজেদের বিএনপি কর্মী বলে দাবি করতে পারেন না।
সন্দেহভাজন দুর্নীতিবাজদের প্রকাশিত তালিকা সম্পর্কে হান্নান শাহের বক্তব্যের সমালোচনা করে জেড এ খান বলেন,''বিএনপির কেউ তালিকায় থাকলে এতে তার (হান্নান শাহ) পুলকিত হওয়া কিছু নেই।"
তিনি জানান, বিএনপি দলের সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একটি শক্তিশালী গণতান্ত্রিক দল হিসেবে শিগগিরই বিএনপি তার কাজ শুরু করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/ এমএ/১৪৪৯ঘ.
bdnews24