২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক দম্পতির মামলা নিয়ে উদ্বিগ্ন খালেদা

তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুদকের মামলা দায়েরের সংবাদে উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার আইনজীবী আহমেদ আজম খান সাংবাদিকদের এ কথা জানান। খালেদার আইনজীবী বলেন, "ম্যাডাম বলেছেন, জিয়া পরিবারের সদস্যরা আজ কারাগারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 01:17 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুদকের মামলা দায়েরের সংবাদে উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার আইনজীবী আহমেদ আজম খান সাংবাদিকদের এ কথা জানান। খালেদার আইনজীবী বলেন, "ম্যাডাম বলেছেন, জিয়া পরিবারের সদস্যরা আজ কারাগারে। এর সঙ্গে সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল এম এ খানের পরিবারকেও মামলায় জড়ানো হয়েছে। এটা উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয়।" প্রসঙ্গত ডা. জোবাইদা রহমান সাবেক নৌবাহিনীপ্রধান রিয়ার অ্যাডমিরাল এম এ খানের মেয়ে। আহমেদ আজম বলেন, দুদকের মামলায় তারেক রহমানসহ অন্য অভিযুক্তরা যাতে ন্যায় বিচার পায়, সে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানিয়েছেন খালেদা জিয়া। বুধবার বিশেষ কারাগারে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আহমেদ আজম খান ছাড়া আরও দুই আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির ও অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ খন্দকার দেখা করেন। অ্যাডভোকেট আজম খান বলেন, "খালেদা জিয়া তার ছোট ছেলে আরাফাত রহমানকে সুচিকিৎসার জন্য সিঙ্গাপুর বা থাইল্যান্ডে পাঠানোর জন্য আবারো সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আরাফাত রহমান অসুস্থ। তার চিকিৎসা ধারাবাহিকভাবে বিদেশে হচ্ছিল।" আইনজীবী আজম জানান, খালেদা জিয়ার আয়কর রিটার্ন বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাজস্ব বোর্ডের কাছে জমা দেওয়া হবে। বুধবার খালেদা জিয়া আয়কর রিটার্নের কাগজে স্বাক্ষর করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ম্যাডাম জানিয়েছেন, গ্যাটকোর বিষয়ে তিনি কিছুই জানেন না। এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি সাবেক নৌ পরিবহনমন্ত্রী মরহুম আকবর হোসেন জানতেন। সাবেক প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন, গ্যাটকোর মামলা তিনি নির্দোষ প্রমাণিত হবেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/এসএম/এসএনডি/এমএ/১৮৫৫ঘ.