২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ শফি চৌধুরীর ত্রাণ আত্মসাৎ মামলায় ফের সাক্ষ্য নেওয়া শুরু

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনে বিএনপিদলীয় সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা ত্রাণ আত্মসাৎ মামলায় সাক্ষ্য নেওয়া আবার শুরু হয়েছে। রোববার সিলেটের দ্রুত বিচার আদালতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেবজিৎ সিংহের আদালতে চারজন সাক্ষ্য দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 03:39 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

সিলেট, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনে বিএনপিদলীয় সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা ত্রাণ আত্মসাৎ মামলায় সাক্ষ্য নেওয়া আবার শুরু হয়েছে। রোববার সিলেটের দ্রুত বিচার আদালতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেবজিৎ সিংহের আদালতে চারজন সাক্ষ্য দেন। যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন, দক্ষিণ সুরমায় শফি চৌধুরী প্রতিষ্ঠিত মহাবিদ্যালয়ের কর্মচারী আলী হায়দার, একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা রুমেল আহমদ, মতিউর রহমান ও মামলার বাদী দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) তারিকুজ্জামান। এর আগে এ মামলায় সাক্ষ্য নেওয়া ও প্রয়োজনীয় যুক্তি তর্ক শেষে ১৯ সেপ্টেম্বর রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু রায় দেওয়ার একদিন আগে ১৮ সেপ্টেম্বর শফি চৌধুরী আদালতে আত্মসমর্পণ করেন। পরে আসামি পক্ষের আইনজীবী আবার সাক্ষ্য নেওয়ার জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার সাক্ষ্য নেওয়ার তারিখ ধার্য ছিল। সাবেক সাংসদ শফি চৌধুরীর দক্ষিণ সুরমা উপজেলার চৌধুরীবাজার এলাকার দাউদপুরের বাড়ি থেকে গত ১৭ ফেব্র"য়ারি যৌথবাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার করে। তার বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের অভিযোগ এনে দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক তারিকুজ্জামান একটি মামলা দায়ের করেন। মামলায় শফি চৌধুরী ও তার আত্মীয় সেলিম আহমদকে আসামি করা হয়। গত ২৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল এবং ২৪ জুন শফি চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৮ ঘ.