ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ রোববার সন্ধ্যায় বিভিন্ন বাম নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা সামনে রেখে ১৪ দলসহ সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে তোফায়েল আহমেদ বাম দলের নেতাদের টেলিফোন করলেন।
ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফর আহমদ ও সাধারণ সম্পাদক এনামুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, গণফোরামের পংকজ ভট্টাচার্য ও সাইফুদ্দিন মানিক এবং গণ আজাদী লীগের সভাপতি আব্দুস সামাদের সঙ্গে টেলিফোনে রোববার সন্ধ্যায় তোফায়েল আহমেদের কথা হয়।
এ বিষয়ে মুজাহিদুল ইসলাম সেলিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তোফায়েল আহমেদ সাহেব আমাকে টেলিফোন করেছিলেন। কতগুলো বিষয়ে সরাসরি আলাপ করা যায় কিনা সে জন্যই তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি তাকে আমাদের কার্যালয়ে আসতে বলেছি।"
তোফায়েল আহমদের সঙ্গে টেলিফোনে কথা হওয়ার বিষয়টি স্বীকার করে পংকজ ভট্টাচার্য বলেন, "কথা হয়েছে। উনি একটা দায়িত্ব পেয়েছেন। আমাকে বললেন- কিছু বিষয়ে কথা হতে পারে কিনা।"
অন্যদিকে, এনামুল হক জানান, 'দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে' তোফায়েল আহমেদের সঙ্গে কথা হয়েছে।
অধ্যাপক মোজাফর আহমদ ও আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগের চেষ্টার পরও তাদের পাওয়া যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এমএ/২০৩০ ঘ.
bdnews24