ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনাকে সামনে রেখে ১৪ দলের অর্ন্তভুক্ত সব দলের সঙ্গেই প্রথমে দ্বিপাক্ষিক আলোচনায় যাবে আওয়ামী লীগ। ১৪ দল যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলো তার ভিত্তিতেই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হবে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
বনানীতে নিজ বাসভবনে শনিবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমসহ কয়েকটি বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের এসব কথা জানান তোফায়েল আহমেদ।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়ে সাবেক এই শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন,"নির্বাচন কমিশন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার এবং সেনাবাহিনী প্রধানও ২০০৮ সালের মধ্যে নির্বাচনের বিষয়ে দৃঢ়ভাবে অঙ্গীকার করেছেন।"
নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন,"১৪ দলের লক্ষ্য এক ও অভিন্ন ছিলো। আমরা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অভিন্ন রূপরেখা ঘোষণা করতে চাই। এটাই হবে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার ভিত্তি। এজন্যই ১৪ দলের অন্তর্ভুক্ত দলগুলোর সঙ্গে পারস্পরিক আলোচনার উদ্যোগ গ্রহণ করেছি।"
১৪ দল এখনো ঐক্যবদ্ধ আছে কি না এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন,"আমি জোর দিয়ে বলতে পারবো না এক আছি। আবার বলতে পারবো না যে নেই। ওয়ান ইলেভেনের পর অনেক কিছুতেই পরিবর্তন এসেছে। দলগুলোর চিন্তা ভাবনায় পার্থক্য এসেছে।"
তোফায়েল আহমেদ বলেন,"আমরা দলীয়ভাবে আলোচনা করবো। অনেকের সঙ্গে আলোচনা করেছি, আরো করবো। নির্বাচন কমিশনের রোডম্যাপ যেন বাস্তবায়ন হয় সেজন্য আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে।"
অন্য এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন,"১৪ দলকে পুনরুজ্জীবিত করতেই দ্বিপাক্ষিক আলোচনা করতে হবে।দেশের রাজনীতিতে যেন সংস্কার হয় সেজন্যই ১৪ দল গঠিত হয়েছিলো।"
তিনি বলেন, সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অগ্রীম সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।
আওয়ামী লীগের সিদ্ধান্তের বিষয়ে ১৪ দলের মনোভাব সম্পর্কে জানতে চাইলে তোফায়েল আহমেদ জানান, সকলেই পারস্পরিক আলোচনার বিষয়ে আগ্রহী। ১৪ দলের অন্তর্ভুক্ত সব দলই মনে করে, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা যেন এক ও অভিন্ন হয় সেলক্ষ্যে আগেই নিজেদের মধ্যে আলোচনায় বসা উচিত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/ এমএ/১৫১৫ঘ.
bdnews24