২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদলীয় জোটের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে: দেলোয়ার

বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন চারদলীয় জোটের সঙ্গে তার অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে উল্লেখ করে বলেছেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে দলীয় ফোরামে সিদ্ধান্তের পরই তারা জোটের সঙ্গে আলাপ করবেন। একইসঙ্গে নির্বাচন কমিশনের কার্যক্রম স্পষ্ট নয় মন্তব্য করে কিছুটা উদ্বেগের সঙ্গে তিনি বলেন "আমরা কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণ করছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2007, 08:04 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন চারদলীয় জোটের সঙ্গে তার অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে উল্লেখ করে বলেছেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে দলীয় ফোরামে সিদ্ধান্তের পরই তারা জোটের সঙ্গে আলাপ করবেন। একইসঙ্গে নির্বাচন কমিশনের কার্যক্রম স্পষ্ট নয় মন্তব্য করে কিছুটা উদ্বেগের সঙ্গে তিনি বলেন "আমরা কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণ করছি।" জোটের বিষয়টিও নির্বাচনের 'পরিবেশ সৃষ্টির পরে' আলোচনা হবে বলে জানান খন্দকার দেলোয়ার হোসেন । শনিবার সকালে মানিক মিয়া এভিনিউর ন্যাম ফ্ল্যাটে নিজ বাসভবনে বিএনপি মহাসচিব সাংবাদিকদের এ কথা বলেন। বিএনপির জনপ্রিয়তা অনেকগুণ বেড়েছে দাবি করে মহাসচিব বলেন, "বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল। এ দলের ওপরে যে অবস্থার সৃষ্টি করা হয়েছে তাতে নেতাকর্মীরা বিভক্ত নয়, বরং আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে।" তিনি বলেন, "অতীতের ব্যর্থতার ইতিহাস এখন নেতাকর্মীদের কাছে বিবেচনার বিষয় নয়। তারা নতুনভাবে দলকে ঐক্যবদ্ধ করছেন।" বিএনপির কাউন্সিল ডাকার এখতিয়ার কেবল তারই--দাবি করে দেলোয়ার হোসেন বলেন, "চেয়ারপারসনের অনুমতি নিয়ে মহাসচিবই দলের কাউন্সিল ডাকবেন।" ১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের আলোচনার উদ্যোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "আওয়ামী লীগ তো নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্তই নিয়েছে। সেজন্য ১৪ দলের সঙ্গে তাদের আলোচনা হতেই পারে। কিন্তু আমাদের দলের অবস্থা তো আপনারা দেখছেনই।" গ্রেপ্তারের পর পর খালেদা জিয়ার নিযুক্ত নতুন এ মহাসচিব আরও বলেন, "আমাদের দলীয় কার্যালয় বন্ধ করে রাখা হয়েছে। আনুষ্ঠানিক বৈঠকও করতে পারছিনা। এরকম পরিস্থিতিতে আমরা এখনও কোন সিদ্ধান্ত নিইনি। তবে বিএনপির শরিক দলের নেতাদের সঙ্গে ইতিমধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে।" এর আগে খন্দকার দেলোয়ার হোসেন চাঁপাইনবাবগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকার ডেমরার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,"বিএনপি এখন খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। খালেদা জিয়া এবং তার পরিবারের সদস্যদের মুক্ত করাই হচ্ছে এখন আমাদের প্রধান কাজ।" এ ব্যাপারে তিনি দলীয় নেতাকর্মীদেরকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এসকে/১৩৫১ঘ.