ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে বন্দি সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার জন্য বিশেষ ইফতারির ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।
তাদের ইফতারির মেনুতে থাকছে ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, কপির চপ, মুড়ি, খেজুর, পাকা পেঁপে, আপেল, নাসপাতি, আঙ্গুর, জিলাপি, শরবত, ফিরনি ইত্যাদি।
শুক্রবার ভোররাতে বিশেষ কারাগারে সেহরি খেয়ে দুই নেত্রীই রোজা রেখেছেন বলে জানিয়েছেন কারা উপ-মহাপরির্দশক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী।
এই প্রথম কারাগারে দিন কাটাচ্ছেন সাবেক দুই প্রধানমন্ত্রী।
সামসুল হায়দার ছিদ্দিকী শুক্রবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক দুই প্রধানমন্ত্রী রোজা রেখেছেন। তারা রাতে বিশেষ কারাগারে সরবরাহ করা সেহরিও খেয়েছেন। ভিআইপি বন্দি বলে তাদের জন্য বিশেষ ইফতারির ব্যবস্থা করা হচ্ছে।''
বৃহস্পতিবার রাতে সাবেক দুই প্রধানমন্ত্রী তারাবির নামাজও পড়েন বলে কারা কর্মকর্তা জানান।
গত ১৬ জুলাই ধানমন্ডির সুধা সদন থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে খালেদা জিয়াকে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ গ্রেপ্তার করা হয় গত ৩ সেপ্টেম্বর।
গ্রেপ্তারের পর দুই নেত্রীকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর পর থেকেই সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগার স্থাপন করে তাদের সেখানে রাখা হয়েছে।
গ্রেপ্তারকৃত কোকো বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হৃদরোগ বিভাগে করোনারি কেয়ার ইউনিটে(সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।
শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়া বেশ কিছুদিন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এখন সুধা সদনেই রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪২৯ ঘ.
bdnews24