ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জরুরি বিধিমালা সংশোধন করে দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জামিনের বিধান সংশোধন করা হয়েছে। সোমবার এ সম্পর্কিত একটি আইনের সংশোধনীতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ অনুমোদন দিয়েছেন এবং সংশোধনীটি সোমবারই গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশ করা হবে।
আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান।
উপদেষ্টা বলেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জরুরি ক্ষমতা বিধিমালা অনুযায়ী এর আগে জামিনের আবেদন করার কোন এখতিয়ার ছিলনা। এ সংশোধনীর মাধ্যমে তাদের জামিনের আবেদন করার অধিকার দেওয়া হল। এ সংশোধনীর মাধ্যমে আদালতও সংশ্লিষ্টদের জামিন আবেদন বিবেচনার জন্য গ্রহণ ও উপযুক্ত কারণ সাপেক্ষে জামিন মঞ্জুর করতে পারবে।
অনুমোদিত সংশোধনীতে বলা হয়েছে- "বিধি ১৯ (ক) এর (আ) (৩) উপবিধি ২ এ উল্লেখ করা সময়ের মধ্যেও যদি যুক্তিসঙ্গত কোন কারণে কোন মামলা নিষ্পত্তি করা সম্ভব না হয় তাহা হইলে সংশ্লিষ্ট আদালত বা ট্রাইবুনাল উহার কারণ লিপিবদ্ধ করিয়া মামলাটি নিষ্পত্তির জন্য সর্বশেষ আরো ১৫ (পনেরো) দিন সময় নিতে পারিবে এবং এইরূপ সময় বর্ধিতকরণ সম্পর্কে সুপ্রীমকোর্টকে লিখিতভাবে অবহিত করিবে যাহার একটি অনুলিপি সরকারের নিকট প্রেরণ করিতে হইবে।"
"(গ) বিধি ১৯ (ঘ) এর শেষে দাঁড়ির পরিবর্তে কোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ শর্তাংশ সংযোজিত হইবে।"
"তাদের শর্ত থাকে যে কোন মামলায় মূল অভিযুক্ত (প্রিন্সিপাল এ্যাকিউজড) হিসাবে কোন ব্যক্তির সহিত তাহার স্ত্রী, অনুর্ধ্ব ১৮ বছর বয়স্ক সন্তান, অবিবাহিত কন্যা, মা, শ্বাশুড়ি বা বোনসহ অভিযুক্ত হইবার ক্ষেত্রে অনুরূপ সহ অভিযুক্তের পক্ষে জামিনের আবেদন করা হইলে আদালত বা ক্ষেত্রমত ট্রাইবুনাল উপযুক্ত কারণ লিপিবদ্ধ করিয়া জামিন মঞ্জুর করিতে পারিবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফএ/এমএ/১৪৩০ঘ.
bdnews24