২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদের হাতে প্রথম জাতীয় পরিচয়পত্রটি তুলে দেওয়া হলো। আর এর মাধ্যমেই রংপুর পৌর এলাকায় রোববার থেকে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 12:45 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

রংপুর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদের হাতে প্রথম জাতীয় পরিচয়পত্রটি তুলে দেওয়া হলো। আর এর মাধ্যমেই রংপুর পৌর এলাকায় রোববার থেকে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ। পরিচয়পত্র বিতরণ শুরু উপলক্ষে সকালে জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৬৬ পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ ফেরদৌস মিয়া পিএসসি। প্রথম পর্যায়ে নূর মোহাম্মদসহ ৪০ জন নারী-পুরুষকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে। গত ১৯ আগস্ট পৌরসভার ১৫টি ওয়ার্ডে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের কাজ শুরু হয়। জেলা প্রশাসক খন্দকার আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্পের প্রধান সমন্বয়কারী লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার আহমেদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ উদ্দিন, উপ-নির্বাচন কমিশনার হামিদুল হক , পৌর চেয়ারম্যান আব্দুর রউফ মানিক প্রমুখ। পৌর এলাকায় এ পর্যন্ত ৮৬ ভাগ কাজ শেষ হয়েছে বলে প্রকল্পের সমন্বয়কারী শাহরিয়ার আহমেদ চৌধুরী অনুষ্ঠানে জানান। তিনি জানান, এ পর্যন্ত ১ লাখ ৪৬ হাজার ৮৪২ জন ভোটারের নাম নিবন্ধন হয়েছে। এছাড়াও ৩৭৪ জন প্রতিবন্ধীর বাড়ি গিয়ে তাদের নিবন্ধন করা হয়েছে। সোমবার রংপুর কারাগারে অন্তরীণ পৌর এলাকার ২৩৬ জনকে নিবন্ধিত করা হবে বলে শাহরিয়ার আহমেদ জানান। তিনি আশাবাদী, আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে পুরো পৌর এলাকায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ শেষ হবে। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে উপজেলা পর্যায় নিবন্ধন কাজ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪০ ঘ.