ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। কন্টেইনার ডিপো দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে জাতীয় সংসদ চত্ত্বরের বিশেষ কারাগারে রাখা হয়েছে তাকে। একই মামলায় তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও গ্রেপ্তার দেখিয়ে সাতদিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার সকাল পৌনে আটটায় খালেদা জিয়া ও কোকোকে সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়ার ঠিক আগে খালেদা জিয়া টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি গ্রেপ্তারকে ভয় পান না। পরে আদালতে দাঁড়িয়ে তিনি বলেন, "আমি ষড়যন্ত্রের শিকার।"
গত ১৬ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে তার ধানমণ্ডির বাসা সুধাসদন থেকে গ্রেপ্তার করা হয়। এর দেড় মাসের মাথায় গ্রেপ্তার হলেন খালেদাও। দীর্ঘ দিনের এই দুই রাজনৈতিক প্রতিপক্ষ এখন অবস্থান করছেন মাত্র ৬০ গজ দূরের দুটি বিশেষ কারাগারে।
এদিকে খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর দুপুরে তথ্য মন্ত্রণালয়ে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, 'ব্যালেন্স' করার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা বা তাকে গ্রেপ্তার করেনি সরকার। তবে তাকে গ্রেপ্তারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে, এই সরকার দুর্নীতি দমনে সম্পূর্ণ নিরপেক্ষ; পক্ষপাতদুষ্ট নয়।
খালেদা জিয়ার গ্রেপ্তারের খবরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী বলেন, বিএনপির পাঁচ বছরের শাসনামলে যে লুটপাট হয়েছে, তার দায় খালেদা জিয়াকে নিতে হবে। তবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, একজন নাগরিক হিসেবেক সুবিচার পাওয়ার অধিকার খালেদা জিয়ার আছে।
এর আগে আদালত থেকে বের হওয়ার পর বিএনপি চেয়ারপারসন সাংবাদিকদের জানান, দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনকে দল থেকে বহিষ্কার করেছেন তিনি। খন্দকার দেলোয়ার হোসেনকে করা হয়েছে দলের ভারপ্রাপ্ত মহাসচিব। তাকে সহযোগিতা করবেন হান্নান শাহ ও গয়েশ্বর চন্দ্র রায়।
রোববারের মামলা এবং তারপর
রোববার রাতে খালেদা জিয়া ও কোকোসহ মোট ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী রাত সোয়া ১১টার দিকে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি (গ্যাটকো) নামের একটি প্রতিষ্ঠানকে দেওয়ায় সরকারের এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়।
এদিকে মামলা দায়েরের আগে রাত ১১টা থেকেই ঢাকা সেনানিবাস এলাকায় খালেদা জিয়ার বাসার নিরাপত্তা জোরদার করা হয়।
রাত সাড়ে ১২টায় একটি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বাসার নিরাপত্তা কিছুটা বাড়ানো হয়েছে। অনুমতি ছাড়া এখন আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না।''
তখন ওই বাসার ভেতরে ২৭জন ও বাইরের সীমানা প্রাচীর ঘেঁষে ২৭ জন করে পুলিশ পালাক্রমে পাহারা দিচ্ছিলেন।
সোমবার ভোর, খালেদা গ্রেপ্তার
ভোর ৫টার দিকে দুই দফায় পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের প্রায় ৩০টি গাড়ি জাহাঙ্গীর গেট দিয়ে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশ করে। পাঁচটার পর পুলিশ কর্মকর্তারা শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার বাসায় ঢোকেন।
ভোর ৫টা ৪০ মিনিটে বাসার কর্মচারী রুহুল আমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''পুলিশ কর্মকর্তারা এখন ড্রইং রুমে। উনারা ম্যাডাম ও কোকো ভাইয়াকে রেডি হতে বলেছেন। তারা প্রস্তুতি নিচ্ছেন। ম্যাডাম নামাজ পড়ে বেরুবেন।"
নামাজ শেষে ভোর ছয়টার দিকে খালেদা জিয়া টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক সুমন মাহমুদকে বলেন "আমি গ্রেপ্তারকে ভয় পাই না। জনগণ আমার সঙ্গে আছে। বিএনপির বিরুদ্ধে এর আগেও ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে এটাই আমি তাদের কাছে আশা করি। আমি সারা জীবন জনগণের জন্য কাজ করেছি। জনগণের কাছেই বিচারের ভার দিয়ে গেলাম। আমি সবার কাছে দোয়া চাই।"
সকাল পৌনে আটটায় খালেদা ও কোকোকে নিয়ে পুরান ঢাকায় আদালতের উদ্দেশে রওয়ানা হয় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি বহর। এ সময় খালেদার ব্যক্তিগত কর্মচারী ইউসুফ ও আমিরকেও গ্রেপ্তার করা হয়।
আদালতে খালেদা
খালেদা জিয়াকে বহনকারী ছাইরঙা নিশান পেট্রোল গাড়িটি (ঢাকা মেট্রো ঘ ০২-৩৩২৭) আদালত চত্বরে প্রবেশ করে সকাল আটটার পরে। প্রচণ্ড ভিড়ের কারণে অন্তত পনেরো মিনিট তাকে গাড়িতেই অপেক্ষা করতে হয়। সোয়া আটটার দিকে অফ হোয়াইট জর্জেট শাড়ি ও সানগ্লাস পরা খালেদা এবং নীল রঙের জিন্স ও ছাইরঙের টি শার্ট পরা কোকোকে মহানগর হাকিম এবিএম আব্দুল ফাত্তাহর আদালতে হাজির করা হয়। আসামির কাঠগড়ায় খালেদা ও কোকোকে চেয়ারে বসতে দেওয়া হয়।
আদালতে পুলিশ আগের রাতে তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার দেখানোর এবং কোকোকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করে। তবে খালেদাকে রিমান্ডে নেওয়ার আবেদন করেনি তারা।
সকাল ৯টার কয়েক মিনিট আগে শুনানি শুরু হলে দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউশন কর্মকর্তা আব্দুর রশিদ হাকিমের সামনে নথি উপস্থাপন করেন। মামলার এজাহার, খালেদা জিয়ার গ্রেপ্তার প্রতিবেদন, আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে চাওয়া ১০ দিন রিমান্ড প্রতিবেদন পড়ে শোনান পুলিশের সহকারী কমিশনার প্রসিকিউশন মকবুল আহমেদ।
সকাল ৯টা ২০ থেকে প্রায় বিশ মিনিট কাঠগড়ার পাশে দাঁড়িয়ে কথা বলেন খালেদা জিয়া। তিনি বলেন, "আমাকে দেশত্যাগ করতে বলা হয়েছিল, আমি যাইনি। কারণ আমি এ দেশকে ভালোবাসি। আমি যদি যেতাম তাহলে আজকে আমার বিরুদ্ধে এসব মামলা হতো না।"
তিনি আরো বলেন, "আমাকে হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা মামলা।"
আদালতে দুই অভিযুক্তের জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ ভূইঞা, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাহউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, লুৎফে আলম, খোরশেদ আলম প্রমুখ।
শুনানির এক পর্যায়ে খালেদার আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আদালতে ঢোকার সময় পুলিশের বাধা পান।
শুনানি শেষে আদালত খালেদার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। কোকোকে সাত দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়। এ সময় খালেদা জিয়া কোকোকে আলিঙ্গন করে বলেন "ধৈর্য ধরো।" পরে কোকো কাঠগড়ায় দাঁড়িয়েই মোবাইল ফোনে একজনের সঙ্গে কথা বলেন।
বিশেষ কারাগার
আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। সকাল ৯টা ৫০ এ ঢাকা মহানগর মূখ্য হাকিমের আদালত থেকে তাকে নিয়ে নিরাপত্তা বাহিনীর বিশাল গাড়িবহর বিশেষ কারাগারের পথে রওনা হয়। সংসদ ভবন চত্ত্ব
bdnews24