রাজশাহী, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মিজানুর রহমান মিনুর জমা দেওয়া সম্পদের বিবরণ যাচাইয়ের কাজ শুরু করছে দুর্নীতি দমন কমিশন।
দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড ও গণপূর্ত বিভাগের একটি দল মঙ্গলবার সকালে মিনুর পদ্মা আবাসিক এলাকার বাড়িতে সম্পদ যাচাই করতে যায়। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি কর্মকর্তারা।
মিনুর স্ত্রী সালমা শাহাদাত জানান, জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন ও গণপূর্ত বিভাগের সদস্যরা সকাল ১০ টায় তাদের বাড়িতে যান। কমিশনে মিনু সম্পদের যে হিসাব জমা দিয়েছেন তা যাচাই-বাছাই করার জন্যই তারা এসেছিলেন।
তিনি জানান, তদন্ত দলটি পদ্মা আবাসিক এলাকার বাড়ির মাপজোক করছে। কত সালে জমি কেনা হয়েছে, কবে বাড়ি করা হয়েছে এবং বাড়ির আসবাব পত্রের বিবরণ সম্পর্কে তথ্য যাচাই করে দুপুর একটার দিকে দলটি চলে যায়।
গত ১২ আগস্ট ঢাকায় কমিশনের প্রধান কার্যালয়ে মেয়র মিনু সম্পত্তির হিসাব জমা দেন।
এর আগে চাঁদাবাজির একটি মামলায় ২৬ আগস্ট মিনুর ১৩ বছর কারাদণ্ড হয়েছে। তিনি এখন কারাগারে আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২৩৫ ঘ.
bdnews24