২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহউদ্দিন পরিবার ও মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন

কর ফাঁকি ও দুর্নীতির আলাদা অভিযোগে সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এবং স্ত্রী-পুত্রসহ সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিশেষ জজ আদালতে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 03:53 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকি ও দুর্নীতির আলাদা অভিযোগে সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এবং স্ত্রী-পুত্রসহ সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিশেষ জজ আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। ২ কোটি ২৪ লাখ ৫৮ হাজার ৬৯ টাকার সম্পত্তির জন্য নির্ধারিত কর ফাঁকি দেওয়ার অভিযোগে বিশেষ জজ আদালত- ৩ এর বিচারক শাহেদ নুরউদ্দিন রোববার মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী ২৩ আগস্ট থেকে এ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। গত ৫ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার রেজাউল করিম বাদী হয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলাটি দায়ের করেন। এদিকে, একই আদালতে ঢাকা- ৪ আসনে বিএনপির সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ, তার স্ত্রী শামসুন্নাহার এবং তিন ছেলে- ইমরান আহমেদ, তানভীর আহমেদ ও শাহরিয়ার আহমেদের বিরুদ্ধে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের হিসাব বিবরণীতে তথ্য গোপনের মামলায় অভিযোগ গঠন করা হয়। আদালত আগামী ২১ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। মামলায় রাষ্ট্রপক্ষে ৭৪ জনকে সাক্ষী করা হয়েছে। গত ১১ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মির্জা জাহিদুল ইসলাম বাদী হয়ে শ্যামপুর থানায় মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএইচবি/১৯২৪ ঘ.