ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলার বার্ষিকীতে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করা যাবে না। তবে জরুরি বিধিমালা অনুসরণ করে হামলাস্থলে ফুল দেওয়া যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক দলগুলো ২১ আগস্ট বিশেষ কর্মসূচি পালন করার অনুমতি চেয়েছিল। কিন্তু জরুরি অবস্থার কারণে ১৫ আগস্টসহ আরও বেশ কিছু গুরুত্বপর্ণ দিবসে দলগুলোকে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি। কাজেই ২১ আগস্টও তারা কোনো কর্মসূচি পালন করতে পারছে না।"
তবে যেখানে হামলা চালানো হয়েছিল সেখানে জরুরি বিধিমালা অনুসরণ করে ফুল দেওয়া যাবে বলে জানান তিনি। অর্থাৎ ফুল দেওয়ার সময় বা আগে-পরে মিছিল বা সভা করা যাবে না, কোনো ধরনের স্লোগান দেওয়া যাবে না বা ব্যানার-ফেস্টুনও বহন করা যাবে না।
২০০৪ সালে ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৩ জন নিহত হন।
গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/বিআর/জেকে/এমএইচবি/১৮৪০ ঘ.
bdnews24