ঢাকা, আগষ্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জনগণের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে জরুরি অবস্থার মধ্যেই সরকারী শর্তাবলীতে সীমিত পরিসরে বাংলাদেশের স্থপতি, রাষ্ট্রনায়ক শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ তম শাহাদত বার্ষিকী পালিত হচ্ছে।
সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনের চত্বরে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। এর আগে ভোরে বঙ্গবন্ধু ভবনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করার পাশাপাশি উত্তোলিত হয় কালো পতাকা।
সকালে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ এবং তিন বাহিনীর প্রধান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন ।
১৯৭৫ সালের এই দিনে কিছু উচ্চাভিলাসী রাজনীতিকের সঙ্গে হাত মিলিয়ে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, দুই পুত্রবধু সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধু অনুজ শেখ নাসের, ভগ্নীপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্তা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত, রিন্টু, ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্ণেল জামিল ও কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের হত্যা করে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে জোহরা তাজউদ্দিন, সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, মতিয়া চোধুরী, মুকুল বোস, আব্দুল মান্নান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদসহ দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা পূর্বঘোষিত কর্মসূিচর দশ মিনিট আগেই সকাল আটটা ৫০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশেষ কারাগারে রোজা রেখেছেন বলে সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কারা উপ মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জিল্লুর রহমান তার প্রতিক্রিয়া দিতে গিয়ে সাংবাদিকদের বলেন,"আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের জন্য অত্যন্ত কলংকজনক একটি দিন। এই দিনটিতে আমাদের একটাই দাবি, বঙ্গবন্ধুকে যেন তার প্রাপ্য মর্যাদা দেওয়া হয়।"
কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু), গণফোরাম, বাংলাদেশ বার কাউন্সিল, পেশাজীবী সমন্বয় পরিষদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, মুক্তিযোদ্ধা পরিষদ, বঙ্গবন্ধু পরিষদসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন, থানা ও ওয়ার্ড শাখার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করা হয়।
জরুরি অবস্থার কারণে একসঙ্গে মাত্র ২০ জন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাওয়া যাবে বলে সরকারের পক্ষ থেকে শর্তারোপ করা হলেও তা শেষ পর্যন্ত কার্যকর করা হয়নি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নেতা-কর্মীরা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে যান তাকে শ্রদ্ধা জানাতে। তবে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিরাপত্তায় ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়।
৩২ নম্বর সড়কের দু'প্রান্তেই স্থাপন করা হয় কাটা তারের ব্যারিকেড । সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় । মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ। ৩২ নম্বর সড়কের পূর্ব পাশে কাটা তারের ব্যারিকেডের সামনে মেটাল ডিটেক্টর আর্চওয়ে বসানো হয়। নেতা-কর্মীরা সড়কের পূর্ব দিক দিয়ে প্রবেশ করে পশ্চিম দিক দিয়ে বের হন।
শ্রদ্ধা নিবেদনের পর কাউকেই খুব বেশিক্ষণ বঙ্গবন্ধু ভবনের সামনে দাঁড়াতে দেওয়া হয়নি। বঙ্গবন্ধু যাদুঘরের কর্মচারীরা শৃংখলা রক্ষায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। জরুরি অবস্থার জন্য কেউই ব্যানার বহন করেননি। মাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা থাকায় অন্যান্য বছরের মতো বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণও শোনা যায়নি।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন,"বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা দেশ ও জাতির শত্র"। আজো তাদের বিচার হয়নি। আমরা আশা করি তত্ত্বাবধায়ক সরকারের বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্টিত হবে।"
বনানী গোরস্থানে শ্রদ্ধা নিবেদন:
কর্মসূচির অংশ হিসাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আওয়ামী লীগ নেতারা রাজধানীর বনানী গোরস্থানে যান ১৫ আগষ্টে নিহত অন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। এসময় পুরো বনানী এলাকা জুড়েই ছিল কড়া নিরাপত্তা। শুধুমাত্র গোরস্থানের আশেপাশেই প্রায় পাঁচশ' পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
জিল্লুর রহমানের নেতৃত্বে জোহরা তাজউদ্দিন, সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহম্মেদ, মতিয়া চৌধুরী, মুকুল বোস, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, নাজমা রহমান, অ্যাডভোকেট সাহারা খাতুন, ডা. দিপু মনি, অ্যাডভোকেট রহমত আলীসহ প্রায় অর্ধশত কেন্দ্রীয় নেতা নিহতদের কবরে পুস্পমাল্য অর্পণ করেন। তারা কবরের সামনে দাড়িয়ে ফাতেহা পাঠ করেন।
পুস্পমাল্য অর্পণ শেষে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "যে নেতা না হলে বাংলাদেশের জন্ম হতো না, আজ পর্যন্ত তার হত্যার বিচার হয়নি। আমরা আশা করেছিলাম বর্তমান সরকারের সময় এ নৃশংস হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া শেষ হবে। কিন্তু বিভিন্ন লক্ষণ দেখে এখন তা মনে হচ্ছে না। আমরা চেয়েছিলাম মুক্ত পরিবেশে শোক দিবসের কর্মসূচি পালন করবো। কিন্তু তাও হলো না।"
আব্দুর রাজ্জাক আরো বলেন, "অবিলম্বে জরুরি অবস্থা তুলে দিয়ে সরকারের নির্বাচনের দিকে যাওয়া উচিত। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে এখনই ঘরোয়া রাজনীতি চালু করা দরকার।"
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর অপর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী সাংবাদিকদের বলেন, "বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা হত্যাকান্ডের বিচার করতে হবে। আমরা ভেবেছিলাম বর্তমান সরকারের সময় এ হত্যাকান্ডের বিচার হবে। কিন্তু তা তো দেখতে পাচ্ছি না।"
সাজেদা চৌধুরী বলেন, "আমাদের শোক দিবসের কর্মসূচি পর্যন্ত পালন করতে দেওয়া হচ্ছে না। চারদিকে এত পুলিশ যে নেতা-কর্মীরা কবরস্থানে ঢুকতে পারছে না। আমাদের কি শোক পালনের অধিকার পর্যন্ত নেই ?" (আরো তথ্যসহ)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএনএস/এসকে/১৪০৭ ঘ.
bdnews24