২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার কারণে রাজশাহীতে ভোটার তালিকা তৈরির কাজ পেছালো

বন্যার কারণে রাজশাহী সিটি কর্পোরেশনে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 12:38 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বন্যার কারণে রাজশাহী সিটি কর্পোরেশনে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "আগস্টের শুরুতেই আমরা রাজশাহীতে ভোটার তালিকা তৈরির কাজ করতে চেয়েছিলাম। কিন্তু বন্যা পরিস্থিতির কারণে এখন তা সম্ভব নয় । ১০ আগস্টের মধ্যে এ কাজ শুরু করতে পারবো বলে আশা করছি। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এর উদ্বোধন করবেন।" তবে নির্বাচন কমিশন যে সব জায়গায় ভোটার তালিকার কাজ শুরু করছে, সেসব এলাকায় বন্যা দেখা দেয়নি -- এ কথা জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, "সারাদেশের বন্যা পরিস্থিতির আরো অবনতি হলে আমাদের আরো দু'চারদিন দেখা উচিত। মনে হয় না, এ জন্য ভোটার তালিকা তৈরির কাজ থেকে আমরা খুব একটা পিছিয়ে যাবো। আমরা চাই উৎসব মুখর পরিবেশে এই কাজ করতে।" কমিশনার জানান, ভোটার তালিকা সংক্রান্ত আইন, ১৯৮২ সালের অধ্যাদেশ বাতিল করে রাষ্ট্রপতি শিগগিরই একটি নতুন অধ্যাদেশ জারি করবেন। এই আইনটির খসড়া এরই মধ্যে সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ২০০৭ সালের ভোটার তালিকা অধ্যাদেশ জারি হওয়ার পর রাজশাহী ও খুলনা সিটি কর্পোরেশন এবং রংপুর, ময়মনসিংহ, বগুড়াসহ নয়টি পৌর এলাকায় একই সময়ে ভোটার তালিকার কাজ শুরু করা হবে বলেও সাখাওয়াত হোসেন জানালেন। রাজশাহীতে ১০১ টি কেন্দ্রে ২৩০ টি ইউনিটে ডিজিটাল ভোটার তালিকার কাজ চলবে। সেনাবাহিনী এতে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। ভোটার তালিকার নতুন আইন ছাড়াই রাজশাহীতে তালিকার ফরম বিতরণ আইনত বৈধ কি না, তা জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, "কমিশন যতক্ষণ তালিকাটিকে চূড়ান্ত বলে ঘোষণা না করছে, ততক্ষণ আইনী বৈধতার বিষয় আসছে না। আইন হওয়ার পরেই ভোটার তালিকাটিকে স্বীকৃতি দেওয়া হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে /১৬৩২ ঘ.