ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার অপ্রদর্শিত অর্থ বৈধ করার ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করেননি। তিনি এনবিআর নির্দেশিত ফরম পূরণ করেননি; তার অপ্রদর্শিত অর্থ বৈধ হয়েছে কিনা তারও কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাই 'বৈধ করার' প্রক্রিয়াটি গ্রহণযোগ্য নয়।
গতকাল বুধবার বোর্ড সভা শেষে এনবিআরের চেয়ারম্যান বদিউর রহমান সাংবাদিকদের বলেন, ''আয়কর অধ্যাদেশের যথাযথ নিয়ম অনুসরণ না করেই তিনি (খালেদা জিয়া) তার অপ্রদর্শিত অর্থ বৈধ করেছেন। এনবিআর নির্দেশিত ফর্মও তিনি পূরণ করেননি। এমনকি তিনি আয়কর রিটার্ণও জমা দেননি। এ অবস্থায় খালেদা জিয়ার অপ্রদর্শিত অর্থ বৈধ করার প্রক্রিয়াটি গ্রহণযোগ্য নয়।''
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খালেদা জিয়ার অপ্রদর্শিত অর্থ বৈধ করা সংক্রান্ত কাগজপত্র সম্বলিত একটি চিঠি এনবিআরে এসেছে জানিয়ে চেয়ারম্যান বলেন, ''কিন্তু সেগুলো সবই ফটোকপি। এই প্রক্রিয়া আইনসঙ্গত হয়নি।''
খালেদা জিয়ার অপ্রদর্শিত অর্থ বৈধ করা সংক্রান্ত যে চিঠি এনবিআরে এসেছে তাতে তার অপ্রদর্শিত আয় সম্পর্কিত সব তথ্য রয়েছে জানিয়ে বদিউর রহমান বলেন, "কিন্তু তিনি অপ্রদর্শিত অর্থ বৈধ করেছেন এটার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। পে-অর্ডারের মাধ্যমে যে টাকা জমা দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে, তা কোন ব্যাংকের মাধ্যমে জমা দিয়েছেন তাও বলা হয়নি। শুধু বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে।"
একই প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে এনবিআর আয়কর নীতি বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যে প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অপ্রদর্শিত অর্থ বৈধ করেছেন তা কোনোভাবেই এনবিআর গ্রহন করতে পারে না। আয়কর আইন খুবই কড়া। যে কোনো প্রক্রিয়ায় কর দেওয়া এ আইনে গ্রহণযোগ্য হয় না।'
এনবিআর সূত্রে জানা যায়, কুরিয়ার সার্ভিসে যে চিঠি এসেছে তাতে বলা হয়েছে, ঢাকার কর অঞ্চল-২-এর অধীন কার্যালয়ে গত মঙ্গলবার খালেদা জিয়া এক কোটি ২৫ লাখ টাকার সমপরিমাণ অপ্রদর্শিত অর্থ কর দিয়ে বৈধ করেছেন। এ জন্য তিনি কর দিয়েছেন ৩৩ লাখ টাকা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ছিল অপ্রদর্শিত আয় বৈধ করার শেষ দিন। তবে এদিন বিকেলে এক প্রঙ্গাপনের মাধ্যমে এনবিআর এ অর্থ বৈধ করার সময়সীমা আগামী ৩০ সেপ্টম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে।
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অপ্রদর্শিত অর্থ বৈধ করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বদিউর রহমান বলেন, ''সাইফুর রহমান সাহেবের অপ্রদর্শিত অর্থ বৈধ করা সংক্রান্ত কোনো কাগজপত্র আজ (বুধবার) পর্যন্ত এনবিআরে আসেনি। তাই তিনি তার অপ্রদর্শিত অর্থ বৈধ করেছেন এটা এখন পর্যন্ত আমরা বলতে পারছি না।''
এদিকে গতকাল পর্যন্ত ১০ হাজার ৭১৮ জনের প্রায় এক হাজার ৯৩৬ কোটি ৬৪ লাখ ৪১ হাজার ৭৮৫ কোটি টাকার সমপরিমান অপ্রদর্শিত আয় বৈধ করা হয়েছে বলে এনবিআরের অপর একটি সূত্রে জানা গেছে। এ থেকে সরকারের রাজস্ব এসেছে ৩৭৫ কোটি ৭৭ লাখ ২ হাজার ৮ টাকা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এআরএইচ/এমএইচবি/২০৪৮ ঘ.
bdnews24