ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইকবালুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহবাগ থানার সেকেন্ড অফিসার আকতার মোর্শেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নর্থ স্টার রিসোসেস অর্ফ গ্লোবাল (এনআরজি) নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক ওয়ালিজ মির্জার করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। টাস্কফোর্স সদস্যরা গ্রেপ্তার করে তাকে থানায় দিয়ে যায় । এর কিছু সময় পর বিকাল চারটায় তার বিরুদ্ধে মামলা হয়।
এই মামলায় ইকবালুর রহিমকে তিন নম্বর আসামি করা হয়েছে। মোট আসামির সংখ্যা পাঁচজন। অন্য আসামিরা হচ্ছেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাহাউদ্দিন নাছিম, ছাত্রলীগের সাবেক তিন নেতা এসএম কামাল, শাহ আলম এবং শফি আহমেদ। এই তিনজনই বর্তমানে আওয়ামী লীগের উপ -কমিটির সহ সম্পাদক।
মামলায় বাদি অভিযোগ করেছেন,২০০১ সালে এই পাঁচজন তার প্রতিষ্ঠানের নামে চার কোটি টাকার বৈদ্যুতিক মিটার সরবরাহের কাজ পাইয়ে দেয়। এজন্য তারা ১ কোটি টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে তাদের সঙ্গে ৭৫ লাখ টাকায় রফা হয়। এই টাকা তাদেরকে বিভিন্ন সময়ে নগদে এবং চেকের মাধ্যমে দেওয়া হয়।
ইকবালুর রহিম ছাড়া অন্য কোন আসামীকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবালুর রহিম বর্তমানে আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক। তিনি সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এনায়েতুর রহীমের ছোট ভাই।
২২ জানুয়ারীর বাতিল হওয়া নির্বাচনে ইকবালুর রহিম দিনাজপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। তার বাবা আব্দুর রহিম একই আসনের সাংসদ ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, জিজ্ঞাসাবাদের জন্য টাস্কফোর্স ইকবালুর রহিমকে ডেকে পাঠায়। তিনি মঙ্গলবার সকালে টাস্কফোর্সের সেগুনবাগিচায় কার্যালয়ে গেলে জিজ্ঞাসাবাদ শেষে দুপুর দুইটার দিকে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এলএইচ/এসকে ২১১২ ঘ.
bdnews24