নোয়াখালী, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সঠিক মূল্যায়ন করার কথা উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, ''পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুকে যথাযোগ্য স্থানে প্রতিষ্ঠিত করতে হবে। এর কাজ চলছে। বঙ্গবন্ধুর পাশাপাশি অন্য জাতীয় নেতাদেরও তাদের যথাস্থানে রাখা হবে।''
শুক্রবার বিকালে সোনাইমুড়ির মডেল একাডেমী প্রাঙ্গণে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। সেনা প্রধান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নিজ গ্রাম বাগপাঁচরাকে 'বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নগর' হিসেবে ঘোষণা দেন।
এর আগে বিকাল ৪টায় জেনারেল মইন সোনাইমুড়ির বাগপাঁচরা গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জাদুঘর প্রাঙ্গণে একটি গাছের চারা লাগান তিনি।
ওই সময় বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জ্যেষ্ঠ মেয়ে নূরজাহান বেগম নার্গিস নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার বাবার নামে করার আবেদন জানালে সেনাপ্রধান তা বিবেচনার আশ্বাস দেন।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের আত্মত্যাগের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে মতবিনিময় সভায় জেনারেল মইন বলেন, ''একাত্তরে রুহুল আমিনের মতো মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাঁদের স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার।''
মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান সেনাপ্রধান।
তিনি দেশের আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, ''আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেই ইতিহাস জানাতে হবে। বঙ্গবন্ধুর সঠিক মূল্যায়ন আমাদের করতে হবে।''
জেলা প্রশাসক হাবিবুল কবীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সেনা প্রধান দুই দিনের সফরে সড়ক পথে সোনাইমুড়ি উপজেলা হয়ে তার গ্রামের বাড়ি বেগমগঞ্জ উপজেলার আলীপুরে যান। তাঁর নিজ গ্রামে এক মতবিনিময় অনুষ্ঠানেও বক্তব্য রাখেন। সেই অনুষ্ঠানে তিনি বলেন, ''আমি আজীবন দেশ ও মানুষের জন্য কাজ করে যেতে যাব। তবে আমার রাজনীতিতে আসার কোনও ইচ্ছা নেই।"
সেনাপ্রধান বলেন, "নেতা-নেত্রীরা এতোদিন দেশের সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার না করে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তারা আগের সরকারকে লুটপাটের দায়ে অভিযুক্ত করে নিজেরাই লুটপাটে নেমে পড়ে। এ ভাবে একটা দেশ চলতে পারে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/এমএইচবি/১৮৪৫ ঘ.
bdnews24