২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার আত্মীয়দের নিস্ফল অপেক্ষা

কয়েক ঘণ্টা অপেক্ষা করেও বুধবার বিশেষ কারাগারে আটক শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি তার নিকট আত্মীয়রা। দুপুর পৌণে দুইটা থেকে সংসদ ভবন চত্বরের কারাগারের বেষ্টনীর বাইরে অপেক্ষা করছিলেন তারা। তবে হাসিনার জন্য তাদের আনা শুকনো খাবার ও কাপড় কারা কর্তৃপক্ষ পৌঁছে দিয়েছে। বিকেল পৌনে চারটায় উপ মহা কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"নিরাপত্তার কারণে আত্মীয়-স্বজনকে দেখা করতে দেওয়া যাবে না। শেখ হাসিনা একজন বিশেষ বন্দি।" প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত তার সঙ্গে কোনো আত্মীয়কে দেখা করার সুযোগ দেয়া সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। বিকেল চারটা পর্যন্ত শেখ হাসিনার আত্মীয়রা বিশেষ কারাগারের বেষ্টনীর বাইরে অপেক্ষা করছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 11:08 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কয়েক ঘণ্টা অপেক্ষা করেও বুধবার বিশেষ কারাগারে আটক শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি তার নিকট আত্মীয়রা। দুপুর পৌণে দুইটা থেকে সংসদ ভবন চত্বরের কারাগারের বেষ্টনীর বাইরে অপেক্ষা করছিলেন তারা। তবে হাসিনার জন্য তাদের আনা শুকনো খাবার ও কাপড় কারা কর্তৃপক্ষ পৌঁছে দিয়েছে। বিকেল পৌনে চারটায় উপ মহা কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"নিরাপত্তার কারণে আত্মীয়-স্বজনকে দেখা করতে দেওয়া যাবে না। শেখ হাসিনা একজন বিশেষ বন্দি।" প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত তার সঙ্গে কোনো আত্মীয়কে দেখা করার সুযোগ দেয়া সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। বিকেল চারটা পর্যন্ত শেখ হাসিনার আত্মীয়রা বিশেষ কারাগারের বেষ্টনীর বাইরে অপেক্ষা করছিলেন। দুপুরে শেখ হাসিনার আত্মীয় প্রয়াত শেখ ফজলুল হক মনির ছোট ছেলে ব্যারিস্টার তাপস সাংবাদিকদের বলেন, "দুর্নীতি দমন কমিশনের পাঠানো সম্পত্তির হিসাবের নোটিশসহ বিভিন্ন বিষয়ে তার সঙ্গে দেখা করতে এসেছি। এখনো দেখা পাইনি। কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাদেরকে পাচ্ছিনা"। ব্যারিস্টার তাপস জানান, তার আনা কিছু শুকনো খাবার বিশেষ কারাগারের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সাক্ষাৎপ্রার্থীদের মধ্যে ছিলেন শেখ পরশ (শেখ ফজলুল হক মনির বড় ছেলে), সুলতানা শেখ (শেখ ফজলুল করিম সেলিমের বোন), সেলিমা খাতুন (ড. ওয়াজেদ মিঞার ভাগ্নি), পুতুল ( ড. ওয়াজেদ মিঞার নাতি), আওয়ামী লীগ সভানেত্রীর ব্যক্তিগত সহকারি ড. হাসান মাহমুদ, ব্যক্তিগত কর্মকর্তা আক্তার হোসেন, খালিদ মাহমুদ ও আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম। বেষ্টনীর বাইরে অপেক্ষমান সাংবাদিকদের ব্যারিস্টার তাপস বলেন, "জরুরি বিধিমালার আওতায় আনা মামলাটি সাজানো ও মিথ্যা। জরুরি অবস্থার ভেতরে এই মামলায় সঠিক বিচার পাওয়া যাবে না।" এক প্রশ্নের জবাবে ড. হাসান মাহমুদ বলেন, "আমরা নিয়মমাফিক সম্পত্তির হিসাব বিবরণী দেব। তবে শেখ হাসিনা অন্তরীণ হওয়ার পর দুদক এই হিসাব চাওয়ায় বিষয়টি আমাদের কাছে রহস্যজনক বলে মনে হয়েছে।" ড. হাসান বলেন, এখানে আসার আগে উপ মহা কারা পরিদর্শকের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছিলেন, দেখা করতে দেওয়া যাবে কিনা তা আধ ঘণ্টার মধ্যে জানাবেন। কিন্তু জানাননি। বিকেলে নাটোরের গুরুদাশপুরের ইকবাল ও রাশেদুল হাসান রাসু শেখ হাসিনার জন্য ৭ ইঞ্চি একটি সাদা-কালো টেলিভিশন নিয়ে আসেন। বিশেষ কারাগারের সামনে তারা সাংবাদিকদের বলেন, ''পত্রিকায় দেখেছি, আমাদের সভানেত্রীকে টিভি দেওয়া হয়নি। তাই এটা কিনে নিয়ে এসেছি।'' কারা কর্তৃপক্ষ টিভিটি গ্রহণ করেনি বলে তারা জানান। কারা কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, শেখ হাসিনার কক্ষে একটি টিভি আছে এবং তার শুধু বিটিভি দেখার সুযোগ রয়েছে। গুলশান থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় পুলিশ গত রোববার সকালে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে সুধা সদন থেকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এসকে/১৭০০