২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা

সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা, চাঁদাবাজি ও ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগে মঙ্গলবার দুপুরে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 03:03 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

চট্টগ্রাম, ১৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম): সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা, চাঁদাবাজি ও ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগে মঙ্গলবার দুপুরে একটি মামলা হয়েছে। বাঁশখালী উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. জাফরুল ইসলাম। মামলায় জাফরুল ইসলাম চৌধুরী, তার দুই ছেলে মিসকাতুল ইসলাম ও আলমগীর, তার চাচাতো ভাই আমিন চেয়ারম্যান, বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল হোসেনসহ নয় জনকে আসামি করা হয়েছে। ম্যাজিস্ট্রেট দাওদুল ইসলাম মামলাটি গ্রহণ করে তা তদন্ত করে আইননানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি তদন্তের জন্য উপ-পরিদর্শক আনোয়ারুল আজিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এজাহারে বলা হয়, বিগত সরকারের সময় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী থাকাকালে বিভিন্ন সময় বাদীকে হত্যার চেষ্টা এবং চাঁদা দাবি করেন জাফরুল ইসলাম চৌধুরী। এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০১ সালে বাদী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. জাফরুল ইসলাম বাঁশখালী ডিগ্রি কলেজ চত্বরে গাছ কাটার এক টেন্ডারে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসাবে কাজ পান। কাজ পাওয়ার পর তিনি ২৫০টি গাছের মধ্যে ২০৬টি গাছ কেটেও ফেলেন। কিন্তু বন বিভাগ গাছ বিক্রির কোনো পারমিট না দেওয়ায় তিনি গাছগুলো নিয়ে যেতে পারেননি। বাদী অভিযোগ করেন, সাবেক বন প্রতিমন্ত্রী প্রভাব খাটিয়ে এ পারমিট দেওয়া বন্ধ করেন এবং তার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় সাবেক প্রতিমন্ত্রী তার লোকজন নিয়ে তাকে হত্যার চেষ্টা করেন এবং ভীতি প্রদর্শন করেন। এরপর বিভিন্ন সময়ে সাবেক প্রতিমন্ত্রীর ছেলেরা বাদীর কাছ থেকে নিয়মিত চাঁদা নিতো। এখন পর্যন্ত ওই গাছগুলো বিক্রি করতে পারেননি বলে বাদী জানান। তিনি এজাহারে আরও উল্লেখ করেন, সময় ও পরিবেশ অনুকূলে না থাকায় তিনি এতদিন মামলাটি করতে সাহস পানিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/২০৫৮ ঘ.