ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারের আগ মহূর্তে দেশবাসীর উদ্দেশে নিজ হাতে লেখা চিঠিতে শেখ হাসিনা বলেছেন, "সত্যের জয় হবেই। আমি আছি আপনাদের সাথে, আমৃত্যু থাকব।"
আওয়ামী লীগ সভানেত্রী সোমবার সকাল সাড়ে ৭টায় গ্রেপ্তার হওয়ার আগে সুধাসদনে নিজের কক্ষে বসে এই চিঠিটি লিখে টেবিলের ওপর রেখে যান বলে তার প্রেস সচিব জানিয়েছেন।
সোমবার সন্ধ্যায় প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে চিঠির একটি প্রতিলিপি পাঠিয়ে বলেন, ''সভানেত্রী চিঠিটি লিখে রেখে গেছেন।''
চিঠিতে দেশবাসীকে সালাম জানিয়ে শেখ হাসিনা বলেন, ''আমাকে সরকার গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। কোথায় জানি না। আমি আপনাদের গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই সারা জীবন সংগ্রাম করেছি। জীবনে কোনো অন্যায় করিনি। তারপরও মিথ্যা মামলা দেয়া হয়েছে। উপরে আল্লাহ রাব্বুল আলামীন ও আপনারা দেশবাসী। আপনাদের ওপর আমার ভরসা।''
চিঠিতে তিনি দেশবাসী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি মনোবল না হারানোর এবং অন্যায়ের প্রতিবাদ করার আহ্বান জানান। তিনি বলেন, "অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। মাথা নত করবেন না। সত্যের জয় হবেই। আমি আছি আপনাদের সাথে, আমৃত্যু থাকব। আমার ভাগ্যে যাহাই ঘটুক না কেনো, আপনারা বাংলার জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যান। জয় জনগণের হবেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়বই। দুঃখি মানুষের মুখে হাসি ফুটাবোই।''
'জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু' লিখে চিঠিটি শেষ করেছেন শেখ হাসিনা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমকে/এসকে/এমএইচবি/২০৩২ ঘ.
bdnews24