২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান, মাহীসহ এলডিপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন এলডিপি'র মহাসচিব আব্দুল মান্নান ও মাহী বি চৌধুরীসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাপ্রচেষ্টা, মারধর ও চুরির অভিযোগে মামলা করেছেন অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি'র অন্য অংশের নেতা আমরুল হক টনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন এলডিপি'র মহাসচিব আব্দুল মান্নান ও মাহী বি চৌধুরীসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাপ্রচেষ্টা, মারধর ও চুরির অভিযোগে মামলা করেছেন অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি'র অন্য অংশের নেতা আমরুল হক টনি। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রোববার সকালে মামলাটি দায়ের করা হয়। মহানগর হাকিম মিজানুর রহমান তদন্ত করে এজাহার গ্রহণ করার জন্য রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন, আব্দুল মান্নান, মাহী বি চৌধুরী, সাজু কামাল, শহীদুল্লাহ, জাহাঙ্গীর আলম বিপ্লব, নাজমুল করিম বাচ্চু, ওয়াজেদ আলী চৌধুরী, ওবায়েদ মৃধা, সোহাগ, জাহাঙ্গীর ও নোমান। আমরুল হক টনি অভিযোগ করেছেন, গত ২১ ডিসেম্বর অভিযুক্তরা মগবাজারে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সড়কে একটি বাড়ি দলের কার্যালয় হিসেবে ভাড়া নেন। পরে জরুরি অবস্থা জারি এবং অলি আহমেদের সঙ্গে মতবিরোধের কারণে তারা সেখানকার জিনিসপত্র সরিয়ে নিতে চেষ্টা করেন। গত ১২ জুলাই জিনিসপত্র সরানোর সময় বাদী ও মামলার সাক্ষীরা বাধা দেন। এ সময় অভিযুক্তরা তাদের মারধর করে হত্যার চেষ্টা চালান এবং পকেট থেকে নগদ টাকা, হাতঘড়ি ও মোবাইল ফোনসেট নিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরবি/এসএনডি/১৭৫৬ ঘ.