ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মান্নান ভূঁইয়াকে বিশ্বাস করে ভুল করেছেন বলে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির যুগ্মমহাসচিব আশরাফ হোসেন। খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেছেন, চেয়ারপারসনই 'খারাপ লোকদের' মন্ত্রী বানিয়েছেন।
রোববার দুপুরে বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করার পর আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, ''চেয়ারপারসন কী বলেছেন জানি না। এ বিষয়ে গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবর সঠিক হলে তা হবে দুঃখজনক। আমাদের মহাসচিব উপযুক্ত। তিনি যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তার নেতৃত্বে বিএনপি ২০০১ সালের নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে। দলে ঐক্য প্রতিষ্ঠা ও রাজনৈতিক আদর্শের বিকাশে তিনি সক্রিয় ছিলেন।''
শনিবার রাতে অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ফোকাস ও ভয়েস অব বাংলাদেশ রেডিও সিডনির যৌথ উদ্যোগে আয়োজিত এক টেলিকনফারেন্সে খালেদা জিয়া বলেন, ''মহাসচিবকে বিশ্বাস করে আমি ভুল করেছি। যারা বিএনপির খেয়ে-পরে বড় হয়েছে, আজ তারা ভুলে গেছে। আমি তাদের বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম অন্য দল থেকে এলেও তারা মনে-প্রাণে বিএনপি হয়ে গেছে। এটাই আমার ভুল হয়েছে।''
আশরাফ হোসেন দলের চেয়ারপারসনের এ বক্তব্যের জবাবে বলেন, ''উনি যদি বলে থাকেন যে উনি ভুল করেছেন, তাহলে এতো দেরিতে এই উপলব্ধি এলো কেন। আর আমাদের মহাসচিব তো মনোনীত নন, নির্বাচিত।"
তিনি আরো বলেন, "বিএনপি একটি গণতান্ত্রিক দল। এ দলে চেয়ারপারসনই খারাপ লোকদের এনে মন্ত্রী বানিয়েছেন। দলে কোনো পদ ছিল না এমন ব্যক্তিকেও সরকার পরিচালনার সঙ্গে সম্পৃক্ত করেছেন তিনি। ওইসব আদর্শচ্যুত নেতারা আজ জেলে আছে। দুর্নীতি করে তারা কী না করেছে। দলকে তারা আজ প্রশ্নের মুখে ফেলে দিয়েছে, দেশের মানুষ তা বুঝতে পারছে।''
অপর এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, "চেয়ারপারসন দলের কাউন্সিলের জন্য অনুমতি দেবেন, এটা আমরা বিশ্বাস করি। তিনি না দিলে বিকল্প ব্যবস্থা গঠনতন্ত্রেই আছে। এই মুহূর্তে আমরা বিকল্প ব্যবস্থার কথা ভাবছি না।"
আশরাফ হোসেন ছাড়াও বরিশাল, দিনাজপুর, রাজশাহী ও চট্টগামের কয়েকজন সাবেক সাংসদ ও জেলা নেতা রোববার মহাসচিবের সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/জিএনএ/১৬০৪ ঘ.
bdnews24