২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সঙ্গে ঢাবি শিক্ষকদের দেখা করতে বাধা

শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা। শনিবার প্রায় আধ ঘণ্টা সুধা সদনে পুলিশের ব্যারিকেডের সামনে অপেক্ষা করে তারা ফিরে যান। ক্ষুব্ধ শিক্ষকরা এ ঘটনাকে সরকারের অসাংবিধানিক ও অগণতান্ত্রিক আচরণ হিসাবে মন্তব্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 01:31 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা। শনিবার প্রায় আধ ঘণ্টা সুধা সদনে পুলিশের ব্যারিকেডের সামনে অপেক্ষা করে তারা ফিরে যান। ক্ষুব্ধ শিক্ষকরা এ ঘটনাকে সরকারের অসাংবিধানিক ও অগণতান্ত্রিক আচরণ হিসাবে মন্তব্য করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এ কে আজাদ চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন, সাবেক সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. হোসেন মনসুর, ড. হারুন অর রশিদ, ড. আব্দুস সামাদসহ প্রায় ১৫ জন শিক্ষক শনিবার বিকাল পাঁচটার দিকে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসেন। তারা সুধা সদনে যেতে চাইলে পুলিশ কর্মকর্তারা বাধা দেন। পুলিশের উপ পরিদর্শক আমিরুল ইসলাম জানান, তাদের সুধা সদনে যেতে দেওয়ার অনুমতি নেই। শেখ হাসিনা এ সময় তার সহকারী খালিদ মাহমুদ চৌধুরীকে শিক্ষকদের নিয়ে যাওয়ার জন্য পাঠালেও পুলিশ তাদের ভেতরে যাওয়ার অনুমতি দেয়নি। সাড়ে পাঁচটার দিকে পুলিশের টহল পরিদর্শক মো. রাজীব ঘটনাস্থলে এলে ঢাবি শিক্ষকরা তার কাছে ভেতরে যেতে না দেওয়ার কারণ জানতে চান। ড. হোসেন মনসুর ক্ষোভ প্রকাশ করে তাকে বলেন, "কয়েদির সঙ্গেও দেখা করার নিয়ম আছে। অথচ তার (হাসিনা) সঙ্গে দেখা করা যাচ্ছে না।" পুলিশ পরিদর্শক মো. রাজীব শিক্ষকদের এর জবাবে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধান্ত জানাচ্ছেন। কিন্তু মিনিট দশেক পর এসে তিনি বলেন, শিক্ষকদের ভেতরে যেতে দেওয়া সম্ভব নয়। চলে যাওয়ার সময় ড. এ কে আজাদ চৌধুরী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, "নাতি হয়েছে বলে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম। দেশ এখন অবরুদ্ধ নয়, এখানে সামরিক শাসনও চলছে না। আমরা আশা করেছিলাম শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারব। কিন্তু, দেখলাম তিনি অবরুদ্ধ। কার নির্দেশে পুলিশ আমাদের যেতে দিলো না তাও আমরা জানি না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এসএইচ/১৯১৬